সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ বুধবার সকাল থেকে শুরু হওয়া ভোট ‘মোটামুটি সন্তোষজনকভাবে’ চলছে বলে জানিয়েছেন নির্বাচনের অন্যতম আলোচিত মেয়র প্রার্থী মুহিবুর রহমান। তবে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এস এম নুনু মিয়াকে নিয়ে অভিযোগ তুলেছেন।

হাজী মফিজ আলী বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে আজ সকাল সাড়ে ১০টার দিকে সাংবাদিকদের সাথে কথা বলেন মেয়র প্রার্থী মুহিবুর রহমান।


তিনি বলেন, ‘ভোটকেন্দ্র ঘুরে দেখছি। এখন পর্যন্ত মোটামুটি সন্তোষজন ‘

মুহিব বলেন, ‘ইভিএম নিয়ে যে শঙ্কা ছিল, আমার মনে হয় ধীরে ধীরে আমরা এটা কাটিয়ে ওঠবো। আমরা শুনেছিলাম, কোথাও কোথাও ডিভাইসগুলো বিকল হতে পারে। আশা করি, কোথাও বিকল ডিভাইস নাই।’

তিনি বলেন, ‘ইভিএমকে জনগণের কাছে গ্রহণযোগ্য করতে হলে নির্বিঘ্নে নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে হবে। প্রশাসনের কর্তাব্যক্তিদের সাথে আলাপ হয়েছে, সকলেই এ ব্যাপারে সোচ্চার আছেন। আমি আশাবাদী, ইভিএম পদ্ধতি গ্রহণযোগ্য হবে।’

মুহিবুর রহমান অভিযোগ তুলে বলেন, ‘আমার একটি প্রশ্ন জাগে, এমপি হোক, উপজেলা চেয়ারম্যান হোক, ওঁরা তো জনপ্রতিনিধি। এঁদের তো এমন কোনো এখতিয়ার নেই যে কেন্দ্রে কেন্দ্রে ঘুরে বেড়াবে। উপজেলা চেয়ারম্যানকে (নুনু মিয়া) দেখলাম বিভিন্ন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছে। সে হচ্ছে আমার প্রতিপক্ষ, কাজেই আমি প্রশাসনকে বলবো, যারা আমার কথাগুলো শুনছেন, এই উপজেলা চেয়ারম্যান যাতে কেন্দ্রে না যায়, সেজন্য ব্যবস্থা গ্রহণ করতে।’

প্রসঙ্গত, বিশ্বনাথে মেয়র পদে প্রার্থী আছেন ৭ জন। এঁরা হলেন- আওয়ামী লীগের নৌকা প্রতীকের ফারুক আহমদ, হ্যাঙ্গার প্রতীক নিয়ে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী জালাল উদ্দিন, জগ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান, খেজুর গাছ প্রতীকে জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা মোহাম্মদ শিব্বির আহমদ, মোবাইল ফোন প্রতীক নিয়ে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী মুমিন খান মুন্না, নারিকেল গাছ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সফিক উদ্দিন এবং চামচ প্রতীক নিয়ে আঞ্জুমানে আল-ইসলাহর প্রার্থী তালুকদার ফয়জুল ইসলাম।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে