বাংলাদেশের বৃহত্তম সাংস্কৃতিক আয়োজন ‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব’ এর শেষ দিনে মঞ্চস্থ হয়েছে কথাকলি সিলেটের নাটক চে’র সাইকেল।
সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চস্থ হয় নাটকটি। নাটকটি লিখেছেন প্রখ্যাত নাট্যকার ও অভিনেতা মামুনুর রশীদ, নির্দেশনা দিয়েছেন নাট্য নির্দেশক ও মঞ্চ পরিকল্পক ফয়েজ জহির।
চে’র সাইকেল নাটকটিতে অভিনয় করেছেন, নীলাঞ্জন দাশ টুকু, লিপি রানী মোদক, প্রশান্ত দে প্রলয়, হাবিবা ফেরদৌস বিন্তু, আমিরুল ইসলাম সুমন, সুজন আচার্য্য শ্রাবণ, আব্দুল মালিক, অরিন্দম দত্ত চন্দন, শামসুল বাসিত শেরো।
গত ২১ অক্টোবর থেকে শুরু হওয়া বাংলাদেশ ও ভারতের ১২২টি সাংস্কৃতিক সংগঠনের চার হাজার শিল্পীর অংশগ্রহণে শুরু হওয়া বাংলাদেশের সর্ব বৃহৎ সাংস্কৃতিক উৎসবের শেষ দিন ৩১ অক্টোবর অংশগ্রহন করে কথাকলি সিলেট।
প্রযোজনা শেষে কথাকলি সিলেটের নাট্যকর্মীদের হাতে স্মারক তুলে দেন প্রখ্যাত নাট্যকার ও অভিনেতা মামুনুর রশীদ এবং উৎসবের আয়োজকরা।
উল্লেখ্য, শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল ও সঙ্গীত আবৃত্তি ও নৃত্য মিলনায়তন এবং বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ভারতের চারটি দল, ঢাকা ও ঢাকার বাইরের ৪০টি নাট্যদলসহ মোট ৪৪টি মঞ্চনাটক প্রদর্শনীর পাশাপাশি ১৮টি সঙ্গীত আবৃত্তি ও নৃত্যদলের পরিবেশনা ছিল এই উৎসবে।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-১০




