খাবার খেতে গিয়ে রেস্টুরেন্টের এক কর্মচারী দ্বারা মারধরের শিকার হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ওই রেস্টুরেন্টের ৬ জন কর্মচারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে সিলেটের জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খাঁন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নাজমুল হুদা খাঁন বলেন, ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ দিলে আমরা আইনানুগ ব্যবস্থা নিবো। এছাড়া রেস্তোরাঁটি তালাবদ্ধ করে রাখা হয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল সাংবাদিকদের জানান, আমরা তাৎক্ষণিক গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করি। পরে মালিকপক্ষকে নিয়ে বসি। আলোচনায় রেস্তোরাঁর মালিককে শৃঙ্খলা মেনে চালাতে পারলে চালানোর কথা বলি। অন্যথায় বন্ধের কথা জানিয়েছি। এর পূর্বেও এ রেস্টুরেন্ট নিয়ে একাধিক অভিযোগ রয়েছে বলে জানান তিনি।
জানা যায়, বুধবার (২ নভেম্বর) সন্ধ্যার সাড়ে সাতটার দিকে শৈশব আহমেদ নামের বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীকে মারধর করেন বিশ্ববিদ্যালয়ের নিকটস্থ সবুজ বাংলা রেস্তোরাঁর এক কর্মচারী।
পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেস্তোরাঁর সামনে জড়ো হয়ে উত্তেজনা সৃষ্টি করেন এবং রেস্তোরাঁ বন্ধের পাশাপাশি অভিযুক্তের শাস্তির দাবি জানান।
সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-১৯




