টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ডাকওয়ার্থ-লুইস মেথডে ৫ রানে হেরেছে বাংলাদেশ।
নুরুল হাসানের মন্তব্যের পর থেকে আলোচনাটা শুরু হয়। অ্যাডিলেডে ভারতের বিপক্ষে ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নুরুল বাংলাদেশের ইনিংসে ‘ফেক ফিল্ডিং’-এর কারণে ৫ রান না পাওয়ার আক্ষেপ করেন। এর পর থেকেই এ নিয়ে দুই দেশের সমর্থকদের মধ্যে আলোচনা সমালোচনা থামছেই না।
বাংলাদেশ-ভারত ম্যাচে বেশ কিছু বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিরাট কোহলির ফেক ফিল্ডিং ও ভেজা মাঠে খেলা নিয়ে আপত্তি ছিল বাংলাদেশ টিমে। তবে মাঠে আম্পায়াররা বাংলাদেশের তৎক্ষানিক অভিযোগ নাকচ করে দেন।
ফেক ফিল্ডিংয়ের ঘটনাটি বাংলাদেশ ইনিংসের সপ্তম ওভারে। লিটন দাস অক্ষর প্যাটেলের বলে অফ-সাইডে শট নেন। অন্য প্রান্তে ছিলেন নাজমুল হোসেন শান্ত। যেখানে বাউন্ডারি লাইন থেকে বল ধরে উইকেটরক্ষক প্রান্তে থ্রো করেন অর্শদীপ সিং। তবে বল যখন পয়েন্টে ফিল্ডিং করা বিরাট কোহলির পাশ দিয়ে যাচ্ছিল, তখন কোহলি বল ধরে নন-স্ট্রাইকার প্রান্তে থ্রো করার অভিনয় করেন।
ক্রিকেটের আইনে এমন অভিনয় করাকে ‘ফেক ফিল্ডিং’ বলে। যা ২০১৭ সাল থেকে ‘আনফেয়ার প্লে’ হিসেবে ধরা হয়। অর্থাৎ কোনো ফিল্ডিং দল এমনটি করলে শাস্তি হিসেবে ব্যাটিং দলকে ৫ রান দেওয়া হবে ও বলটি ‘ডেড’ হিসেবে ধরা হবে।
এবার জানা গেল এই দুই ইস্যুতে আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
সাংবাদিকদেরকে ইউনুস বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচে ভেজা মাঠ, ফেক ফিল্ডিং ও আম্পায়ারিং নিয়ে আইসিসির পরবর্তী সভায় আলোচনা তুলতে চায় বাংলাদেশ। আপনারা জানেন এই অস্ট্রেলিয়াতেই মিটিং রয়েছে সামনে। তবে একটা জিনিস দিন শেষে আম্পায়ার এবং ম্যাচ রেফরির সিদ্ধান্ত চূড়ান্ত। অবশ্য মাত্রই ভুল হয়।’
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু এর আগে সাংবাদিকদেরকে বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি নিজেদের মধ্যে। অভিযোগ করার সুযোগ আছে কি না দেখছি। বর্তমান যে নিয়ম তাতে এই ব্যবস্থা এখন সম্ভবত নেই। তারপরও বিষয়টি আমরা দেখছি।’
সিলেটভিউ২৪ডটকম/আইএ/এসডি-২০




