সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে দলীয় পদ হারিয়েছেন ওসমানীনগর উপজেলা বিএনপির ৪ জন। স্বতন্ত্র মোড়কে তিন পদে অংশ নিয়েও কেউই নির্বাচনে বিজয়ী হতে না পারায় যেন দুকূলই হারিয়েছেন তারা। 

বিএনপি দলীয়ভাবে এই নির্বাচনে অংশ না নিলেও দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নেন এই চারজন। ফলে নির্বাচনের আগের দিন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দল থেকে তাদেরবহিষ্কার করা হয়।


বহিস্কৃতরা হলেন- উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। তিনি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন। যদিও তিনি গত ১৭ অক্টোবর সিলেট জেলা বিএনপির দায়ীত্বশীরদের হাতে পদত্যাগ পত্র জমা দেন।

উপজেলা বিএনপির সহ-সভাপতি গয়াছ মিয়া উপজেলা ভাইস চেয়াম্যান পদে অংশ নিয়ে বহিষ্কার হন।  একই পদে অংশ নিয়ে দল থেকে বহিস্কার হয়েছেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জুয়েল মিয়া।

এছাড়াও বর্তমান ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়ে দলীয় পদ হারিয়েছেন মুসলিমা আক্তার চৌধুরী। তিনি উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিক ছিলেন।


সিলেটভিউ২৪ডটকম / রনিক / এসডি / ডি.আর