নিউইয়র্ক এর জ্যাকসন হেইটের বেশ আলোচিত সমালোচিত চিকিৎসক ডা. ফেরদৌসীর বিরুদ্ধে মানববন্ধন করেছে ‘আপনজন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন’।
শুক্রবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে নিউইয়র্কের পাঁচ জন বাঙ্গালী নারীকে যৌন হয়রানীর অভিযোগে অভিযুক্ত ডা. ফেরদৌসীর দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে মানববন্ধন করে সংগঠনটি।
আপনজন সামাজিক সংগঠন ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক প্রিয়ন্ত বনিক লিটন এর সঞ্চালনা এবং মানবাধিকার ফাউন্ডেশন বাংলাদেশ এর বিভাগীয় সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার এর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র।
প্রধান অতিথির বক্তব্যে তপন মিত্র বলেন, ডা. ফেরদৌস বিদেশে সমগ্র বাঙ্গালীকে লজ্জিত করেছে এবং ডাক্তারি পেশার মত মহান পেশাকে কলংকিত করেছে। আমরা চাই নারীর প্রতি যৌন হয়রানীকারী সে যেই হোক তার যেন সর্বোচ্চ শাস্তি হয়।
সভাপতির বক্তব্যে মনোরঞ্জন তালুকদার বলেন, ‘নারী হলেন মায়ের জাত, মায়ের জাতের সাথে যারা এধরণের ন্যাক্কারজনক অশ্লীল আচরণ করা হয়েছে তা বাংলাদেশের মানুষ বরদাশত করবে না। আমরা আজকের মানববন্ধনের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চাই দেশে বা বিদেশে যেকোনো জায়গায় ই যেন নারীকে হয়রানী না করা হয়। আর অচিরেই যেন বাংলাদেশে ডা. ফেরদৌসকে অবাঞ্চিত ঘোষণা করা হয়।
মানববন্ধনে অনেকের মধ্যে আরো বক্তব্য রাখেন- সাংবাদিক মিজানুর রহমান লিটন, তারা মিয়া তালুকদার, মুন্না দেব, পল্লব বনিক।
এসময় উপস্থিত ছিলেন- আপনজন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এর সদস্য মিথিল রায়, আকাশ তালুকদার, সীমান্ত দত্ত, বাধন রায়, চয়ন দাস, ঐক্য রায়, সৌরভ দাশ, আসিক চৌধুরী, স্বচ্ছ, অঙ্কন চক্রবর্ত্তী প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২১




