ফাইল ছবি
মৌলভীবাজার শহরতলীর পৌর এলাকায় ট্রাফিক পুলিশের ধাওয়া খেয়ে বাসের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার (০৭ নভেম্বর) বিকেলে মৌলভীবাজার শহরতলীর পৌর বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বুরহান (২০) মৌলভীবাজার সদর উপজেলার জুগিডহর এলাকার খসরু মিয়ার ছেলে। ঘটনার পরপরই এলাকাবাসী এ্যাম্বুলেন্সে লাশ নিয়ে সড়ক অবরোধ করে রাখেন।
প্রত্যক্ষদর্শী মো. ফজলুল খান জানান, মোটরসাইকেল চালককে পিছন থেকে দুইজন ট্রাফিক পুলিশ ধাওয়া করছিল। সড়কের জুগিডহর এলাকা পার হওয়ার সাথে সাথেই শেরপুর থেকে আসা একটি বাসের চাকার নিচে পড়ে যায় মোটরসাইকেল চালক বুরহান। সাথে সাথে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই ট্রাফিক পুলিশের সদস্যরা পালিয়ে যায়।
মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান গণমাধ্যমকে জানান, পৌর বাস টার্মিনাল এলাকায় বাসের নিচে পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এখানে ট্রাফিক পুলিশের সদস্যদের বিরুদ্ধেও দায়িত্ব অবহেলার অভিযোগ আছে। আমরা বিষয়টি খতিয়ে দেখব।
সিলেটভিউ২৪ডটকম/ইআ-০২




