মৌলভীবাজারের জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা বলেছেন- বাংলাদেশ বিশ্ব প্রযুক্তিগত দিক দিয়ে দিন দিন এগিয়ে যাচ্ছে। আগে মানুষ সেবা পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় দৌড়াতো। এখন আর দৌড়াতে হয়না। ডিজিটাল প্রযুক্তির কল্যাণে মানুষ ঘরে বসেই অনেক সেবা পাচ্ছে। চিকিৎসা, ভূমি, স্যানিটেশন, তথ্য প্রযুক্তি ও যোগাযোগ, ব্যাংকিং, বিদেশগমনসহ স্থানীয় বিভিন্ন সমস্যায় মানুষ ভোগে। এধরনের নানা সমস্যা থেকে বের হওয়ার জন্য বিভিন্ন জনের নানা কৌশল রয়েছে। সেই কৌশল কাজে লাগিয়ে এ সমস্যা গুলো প্রযুক্তিগত ভাবে সমাধান করতে হবে। “উদ্ভাবনী জয় উল্লাসে স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্য সামনে রেখে প্রযুক্তি বান্ধব উদ্ভাবনের মাধ্যমে নাগরিক জীবনকে আরও সহজ, সমৃদ্ধ এবং স্মার্ট করে গড়ে তুলতে ৯ নভেম্বর সারাদেশে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হচ্ছে।

 


উপজেলা পর্যায়ে উদ্ভাবকরা তাদের আইডিয়া উপস্থাপন করবেন। সেগুলো বাছাই করে জেলায় এবং জেলা থেকে বাছাই হয়ে কেন্দ্রে যাবে। সেখান থেকে বাছাইকৃত আইডিয়া গুলো বাস্তবায়ন করা হবে।

 

মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে জুড়ী উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি বক্তব্য রাখেন।

 

তিনি বলেন- ইতিমধ্যে উপজেলা পরিষদের অফিসারবৃন্দ, ব্যাংকার, শিক্ষক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন সেবাদাতাদের সাথে মতবিনিময় হয়েছে। জুড়ীতে পৃথক ৪টি প্যাভিলিয়ন থাকবে। বর্ণাঢ্য র‌্যালি হবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উন্মুক্ত পর্যায়ে অনলাইন কুইজ প্রতিযোগিতা, প্রকল্প উপস্থাপন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। দিন ব্যাপী অনুষ্ঠান সফলে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

 

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী ও একাডেমিক সুপার ভাইজার মো. আলা উদ্দিনসহ জুড়ীতে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 


সিলেটভিউ২৪ডটকম/মঞ্জুর/মুন্না-২