রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন গায়ক আকবরকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বুধবার দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন গায়কের স্ত্রী কানিজ ফাতেমা। স্বামীকে নিয়ে দিশেহারা তিনি। কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।

কানিজ ফাতেমা বলেন, বুধবার সকাল বেলায় উনার (আকবর) অবস্থার অবনতি হয়। এরপর ডাক্তাররা তাকে লাইফ সাপোর্টে নেন। ডাক্তারা বলেছেন, এখন ক্রিটিক্যাল অবস্থায় আছে রোগী।’ এরপর আর কোনো কথা বলতে পারেননি কানিজ।


গত ২৯ অক্টোবর থেকে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি আছেন গায়ক আকবর। অবস্থার অবনতি হওয়ায় গত ৬ নভেম্বর দুপুরে তাকে নেওয়া হয় আইসিইউতে। গায়ককে লাইফ সাপোর্টে নেওয়া হতে পারে বলে চিকিৎসকদের বরাত দিয়ে সেদিন জানিয়েছিলেন তার স্ত্রী।

কানিজ ফাতেমা গণমাধ্যমকে বলেছিলেন, ‘শনিবার হঠাৎ করেই উনার শরীর খারাপ হয়। দুপুরে আইসিইউতে নেওয়া হয়। এখন পর্যন্ত অবস্থার কোনো পরিবর্তন হয়নি। ডাক্তাররা জানিয়েছেন, যে কোনো সময় উনাকে লাইফ সাপোর্টে নেওয়া হতে পারে। এ জন্য আমার কাছ থেকে একটি স্বাক্ষর নিয়েছেন।’

গায়কের স্ত্রী আরও বলেছিলেন, ‘ডাক্তাররা আকবরের কিডনি ডায়ালাইসিস করানোর কথা বলেছেন। ক্রিয়েটেনিন ৮.৭। লিভারেও সমস্যা দেখা দিয়েছে। পায়ের কাটা জায়গায় ইনফেকশন হয়েছে। তাই যে কোনো সময় লাইফ সাপোর্টে নেবে। জানি না কী হবে।’

দীর্ঘদিন ধরে অসুস্থ গায়ক আকবর। কিডনি ও লিভারের জটিলতাসহ বেশকিছু রোগে ভুগছেন তিনি। তার দুই কিডনি নষ্ট। যার ফলে শরীরে পানি জমেছিল। সে কারণে আকবরের ডান পা-ও নষ্ট হয়ে গেছে। সম্প্রতি তার সেই পা কেটে ফেলে দেওয়া হয়েছে।

শুরুতে রিকশাচালক হিসেবে জীবিকা নির্বাহ করতেন আকবর। ২০০৩ সালে হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গান গেয়ে আলোচনায় আসেন তিনি। পরে ‘তোমার হাতপাখার বাতাসে’ গানটি জনপ্রিয়তা এনে দেয় এই শিল্পীকে। আজ তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-০৮