সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ ফ ম কামাল হত্যা মামলায় গ্রেফতারকৃত এজাহারনামীয় আসামী কুটি মিয়াকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 


বুধবার (৯ নভেম্বর) বিকেলে তাকে মুখ্য মহানগর হাকিম আদালতে তোলা হয়ে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। 

 

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আজবাহার আলী শেখ।


তিনি সিলেটভিউকে বলেন- ‘আমরা গ্রেফতারকৃত এজাহারনামীয় আসামী কুটিকে আদালতে প্রেরণ করেছি। আদালত তাকে কারাগারে প্রেরণ করেছেন।’

 

পুলিশের একটি সূত্র জানিয়েছে- ‘আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তাকে রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হবে।’

 


পুলিশ জানায়- মঙ্গলবার দিবাগত রাতে কুটি মিয়াকে গ্রেফতার করে বিমানবন্দর থানা পুলিশ। ২৪ বছর বয়সী কুটি সিলেট নগরের বড়বাজার গোয়াইপাড়া এলাকার মৃত নুর মিয়ার ছেলে। সে নিহতের বড় ভাই ময়নুল হকের দায়ের করা হত্যা মামলার এজাহারনামীয় ৫ নম্বর আসামি।

 


প্রসঙ্গত- গত রবিবার রাত ৮টার দিকে সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ ফ ম কামাল সিলেট বিমানবন্দর এলাকা থেকে আম্বরখানা বড়বাজার হয়ে গোয়াইটুলার দিকে যাচ্ছিলেন। তার গাড়িকে অনুসরণ করছিল দুটি মোটরসাইকেল। তাতে আরোহী ছিলেন তিনজন। পরে আরেকটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি বড়বাজার ১১৮নং বাসার সামনে কামালের গাড়ির গতিরোধ করে। পরে তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে খুনিরা পালিয়ে যায়।

 

স্থানীয়রা কামালকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় মঙ্গলবার রাতে নিহতের বড় ভাই ময়নুল হক বাদী হয়ে এসএমপির বিমানবন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ছাত্রলীগ কর্মী আজিজুর রহমান সম্রাটকে প্রধান আসামি করে ১০ জনের নামোল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/নাজাত/মুন্না-৬