ভয়াবহ সাইবার হামলার শিকার হয়েছে অস্ট্রেলিয়া। দেশটির স্বাস্থ্যবিভাগের স্পর্শকাতর তথ্য এখন হ্যাকারদের হাতে। তারা হাতিয়ে নেয়া তথ্যভাণ্ডারের নাম দিয়েছে ‌'নটি লিস্ট'। সাইবার হামলাকারীরা রীতিমতো হুমকি দিচ্ছে, তথ্য ফাঁস ঠেকাতে হলে তাদেরকে কোটি ডলার দিতে হবে। 

 


বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে ডার্ক ওয়েবে একটি পোস্ট দিয়েছে হ্যাকাররা। তাতে লিখেছে, গত মাসে অস্ট্রেলিয়ার বৃহত্তম বেসরকারি স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠান মেডিব্যাংকে হানা দিয়ে ৯৭ লাখ গ্রাহকের তথ্য হাতিয়ে নিয়েছে। এখন তারা হুমকি দিচ্ছে, তাদের হাতে থাকা প্রত্যেকের তথ্যের জন্য ১ ডলার করে দিতে হবে। এই হিসাবে প্রায় ১ কোটি ডলার চাইছে সাইবার অপরাধীরা।

এইচআইভি, মানসিক সমস্যা, আসক্তি ও গর্ভপাতের সেবা নেয়া রোগীদের একটি তথ্যভাণ্ডার ডেমো ডেটা হিসেবে প্রকাশের হুমকি দিয়েছে সাইবার অপরাধীরা। এই তথ্যভাণ্ডারেরই নাম দেয়া হয়েছে নটি লিস্ট। 

 

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, রাশিয়ার হ্যাকার গ্রুপ আরইভিল এই অপরাধের সঙ্গে জড়িত। যদিও রাশিয়ার ইন্টেলিজেন্স ব্যুরো (এফএসবি) চলতি বছর জানুয়ারিতে জানিয়েছিল, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরইভিল গ্রুপের সদস্যদের আটক করেছিল যুক্তরাষ্ট্র। গ্রুপটি এখন শুধুই ইতিহাস। তবে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছিল, গ্রুপের কোনো রুশ সদস্যকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে না।

আরইভিল ম্যালওয়্যার তৈরি করত। এগুলো ব্যবহার করে তারা বিদেশিদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ চুরি করত। এ ছাড়া তারা র‍্যানসমওয়্যারের মাধ্যমে ব্ল্যাকমেইল করেও অর্থ আদায় করত।

 

এদিকে হ্যাকিংয়ের ঘটনায় মেডিব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড কজকার গ্রাহকদের কাছে ক্ষমা চেয়েছেন এবং হ্যাকারদের কর্মকাণ্ডকে অসম্মানজনক হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘অর্থ আদায়ের উদ্দেশে মানুষের ব্যক্তিগত তথ্যকে অস্ত্রে পরিণত করা নোংরা ব্যাপার এবং এটি আমাদের সম্প্রদায়ের সবচেয়ে দুর্বল সদস্যের ওপর আক্রমণ।’ 

মেডিব্যাংক মুক্তিপণ বাবদ কোনো টাকা দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। হ্যাকারদের সাইবার হামলা তদন্ত করছে অস্ট্রেলীয় ফেডারেল পুলিশ।

ফেডারেল পুলিশ জানিয়েছে, এ-সংক্রান্ত যে কোনো ডেটা ডাউনলোড করা কিংবা সেই ডেটার জন্য সাইটে প্রবেশ করা ফৌজদারি অপরাধ।

 

গত মাসে মেডিব্যাংকে সাইবার আক্রমণ হয়। অস্ট্রেলিয়ায় অবৈধভাবে তথ্যভাণ্ডারে অনুপ্রবেশের এটিই সবশেষ ঘটনা। এর আগে অপটাস অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম টেলিকম সেবার প্রতিষ্ঠানে সাইবার হামলা হয়েছিল। তাতে ১ কোটি গ্রাহকের ডেটায় হ্যাকাররা প্রবেশ করেছিল। সেপ্টেম্বরে অপটাসই ঘোষণা দিয়ে হ্যাকিংয়ের বিষয়টি জানায়। 

 

 

সিলেটভিউ২৪ডটকম/ নাজাত-০৬   


সূত্র : প্রতিদিনের বংলাদেশ