সিলেটের জৈন্তাপুর উপজেলার একমাত্র পাথর কোয়ারি শ্রীপুর। দীর্ঘ দিন হতে সরকার কোয়ারি বন্ধ রাখে। সম্প্রতি পাথর কোয়ারি হতে একটি চক্র প্রশাসনের নামে পাথর কোয়ারি হতে পাথর উত্তোলন করছে। বিষয়টি উচ্চ পর্যায়ের প্রতিনিধি টিম সরজমিন পরিদর্শনে আসলে দৃষ্টিগোচর হয়। যার পরিপ্রেক্ষিতে জৈন্তাপুর উপজেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
এলাকাবাসী রহিম মিয়া, জজু মিয়া, ইসমাইল হোসেন, কালা মিয়া, ফয়জুর রহমানসহ কয়েকজন ব্যবসায়ী জানান- সরকারের নিষেধাজ্ঞার কারণে শ্রীপুর পাথর কোয়ারি বন্ধ রয়েছে। অতি সম্প্রতি পাথর খেকো চক্রের সদস্য সাইদুর রহমান, আব্দুল জব্বার, সালেহ আহমদ, রফিক আহমদ সহ প্রায় ৩০/৪০ জনের একটি চক্র বন্ধ শ্রীপুর পাথর কোয়ারি হতে স্থানীয় প্রশাসনের নাম বিক্রয় করে উপজেলা ৩০ হাজার শ্রমিককে কর্মহীন রেখে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পাথর লুণ্ঠন অব্যাহত রাখে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সরকারি নির্দেশনায় পাথর কোয়ারি পরিদর্শন করেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের গঠিত টিম।
কোয়ারি পরিদর্শনের পর পর পাথর খেকো চক্রের সদস্যদের নেতৃত্বে স্থানীয় প্রশাসনের নাম বিক্রি করে শ্রীপুর পাথর কোয়ারি হতে দিন রাত সমান তালে পাথর লুণ্ঠন অব্যাহত রাখে। যার ফলে রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। আঙ্গুল ফলে কলাগাছে পরিণত হচ্ছে পাথর খেকো চক্র ও কতিপয় আইন শৃঙ্খলা বাহিনীর অসাধু কর্মকর্তা-কর্মচারীরা।
স্থানীয়রা আরও বলেন- ‘সরকার কোয়ারি চালুর উদ্যোগ নিয়েছে। সেজন্য শ্রীপুর পাথর কোয়ারি পাথর লুণ্ঠন বন্ধ রাখতে কোয়ারীর পাথর লুণ্ঠন বন্ধ রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশের টিম স্থায়ী ভাবে রাখার দাবী করেন।’
শুক্র ও শনিবার যথারীতি কোয়ারি হতে সাইদুর রহমান, সালেহ আহমদ, আব্দুল জব্বার, রফিক আহমদের নেতৃত্বে পাথর উত্তোলন হচ্ছে মর্মে স্থানীয় ব্যবসায়ীরা উপজেলা প্রশাসনকে জানান। যার পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (এসিল্যান্ড) বিপামনি দেবীর নেতৃত্বে শ্রীপুর পাথর কোয়ারিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় বেশ কিছু পাথর জব্দ করে এসিল্যান্ড। এ কাজে জড়িত থাকায় কয়েকজন শ্রমিককে ৩০ হাজার টাকা জরিমানা করেন তিনি।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (এসিল্যান্ড) বিপামনি দেবী বলেন- ‘পাথর উত্তোলনে জড়িত থাকায় প্রাথমিক ভাবে বেশ কয়েকজন শ্রমিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এখন হতে শ্রীপুর পাথর কোয়ারিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।’
সিলেটভিউ২৪ডটকম/সাব্বির/মুন্না-১৫




