সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সন্মেলন দীর্ঘ ৮ বছর পর ১৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সন্মেলনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। উপজেলা আওয়ামী লীগের  নেতাকর্মীরা জানান, ২০১৪ সালের ২১ ডিসেম্বর জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সন্মেলনে আকমল হোসেন সভাপতি ও রেজাউল করিম রিজুকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট পূনাঙ্গ কমিটি গঠন করা হয়। এরপর দীর্ঘ ৮ বছর কমিটির  মেয়াদ পেরিয়ে গেলেও করা হয়নি উপজেলা কমিটি। 

একধিকবার সন্মেলনের দিনক্ষণ ঠিক হলেও দলীয় গ্রপিং ও কোন্দলের  কারণে সন্মেলন করা হয়নি। গত ৯ নভেম্বর রাতে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ১৬ নভেম্বর জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সন্মেলনের দিন ঠিক করে উপজেলা আওয়ামী লীগ কে প্রস্তুতি নিতে নির্দেশ দেন। সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের তারিখ ঘোষনার পর সন্মেলন কে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।



আওয়ামী লীগের দায়িত্বশীল নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে ৩ ধারায় বিভক্ত। যার এক ধারায় রয়েছে স্হানীয় সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান,  অন্য ধারায় রয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ ডন ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক  ব্যারিস্টার এনামূল কবির ইমন। 


এবারের সন্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৩ বলয় থেকে কমপক্ষে ১০/ ১২ জনের নাম আলোচনায় রয়েছে তাদের মধ্যে সভাপতি পদে বর্তমান সভাপতি আকমল হোসেন, সহ সভাপতি সিরাজুল হক, আনহার মিয়া, সদস্য আকমল খান, সাবেক সহ সভাপতি হারুন রশীদ, সাধারন সম্পাদক পদে বর্তমান সাধারন সম্পাদক রেজাউল করিম,যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সাবেক পৌর মেয়র মিজানূর রশীদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর  বীরেন্দ্র,মীরপুর ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মাহবুবুল হক শেরিন সৈয়দপুর শাহারপাড়া ইউপি চেয়ারম্যান আবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক মিন্টু রঞ্জন ধর এর নাম আলোচনায় রয়েছে।


জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু  বলেন, জেলা আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী সন্মেলন সফল করতে আমরা প্রস্তুতি নিচ্ছি। আশা করছি একটি সফল সন্মেলনের মাধ্যমে আগামী দিনের নেতৃত্ব তৈরি হবে।


সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন  বলেন, জগন্নাথপুরসহ জেলার সকল উপজেলা সন্মেলন শেষ করে ডিসেম্বরের শুরুতে জেলা সন্মেলন করতে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। তিনি বলেন,তৃণমূলের নেতাকর্মীদের মতামতে দলের পরিক্ষিত নেতাকর্মীদের নিয়ে গঠনতন্ত্র মোতাবেক সন্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে। 


সিলেটভিউ২৪ডটকম/সুনুু/ইআ-০৬