দেশের গণমাধ্যমকর্মীদের আওয়ামী লীগ সম্পর্কে মিথ্যা খবর দেয়া থেকে বিরত থাকার অনুরোধ করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সুনামগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষে একজন নিহত হওয়ার খবরকে মিথ্যা দাবি করে এমন অনুরোধ জানান তিনি।
কাদের বলেন, ‘আমাদের সম্পর্কে মিথ্যা খবর দেয়া থেকে বিরত থাকবেন। এটা আমার অনুরোধ। ইটস এ ফলস (মিথ্যা)। এটা ভুল। এখন আপনারা খবর নিতে পারেন। কী কারণে লোকটার মৃত্যু হয়েছে।’
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাজধানীর বনানী বিআরটিএর কার্যালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৯তম সভায় সাংবাদিকদের উদেশ্যে তিনি এসব কথা বলেন।
সোমবার সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনস্থলে দলের বিবদমান দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। সেখানে আজমল হোসেন চৌধুরী ওরফে আরমান নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তার মৃত্যুর কারণ হিসেবে বলেছেন- হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন আরমান।
আওয়ামী লীগও দাবি করেছে, তিনি কর্মসূচিতে ছিলেন না।
নিহত সেই ব্যক্তি সম্মেলনের ধারে কাছে ছিলেন না দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘সে বাড়িতে ছিল। বাড়ি থেকে তাকে হাসপাতালে নেয়া হয়েছে। সে মৃত। এটাকে এখন বলা হচ্ছে, আমাদের সম্মেলনে মারামারি হয়ে একজন মারা গেছে।’
ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের একটা উপজেলা সম্মেলনকে কেন্দ্র করে ওখানে ছোটখাটো একটা ঘটনা ঘটেছিল। বিদ্রোহীরা মঞ্চে বসা, কিন্তু পরবর্তীতে সম্মেলন সুন্দরভাবে শেষ হয়েছিল। সকালে পত্র-পত্রিকায় দেখলাম ১ জন মারা গেছে। এটা মৃত হওয়ার সুবাদে প্রথম পাতায় উঠে এসেছে। সম্মেলনের আশেপাশে কোথাও এ ধরনের ঘটনা ঘটে নাই। আমি পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি। এভাবে সম্মেলন নিয়ে নিউজ করা...।’
তিনি বলেন, ‘একটা ঘটনা ঘটেছে, একটা লোক দুবাই থাকে। সে দেশে আসছে৷ সে তার বাড়িতে ছিল। বাড়ি ওখান থেকে অনেক দূরে। সম্মেলনে ঘটনা ঘটেছে ১টায়। তিনটা বাজে ওর পরিবার ওকে হাসপাতালে নিয়ে গেছে। স্ট্রোক করে মারা গেছে, এর সাথে সম্মেলনের কোনো রিলেশন (সম্পর্ক) নাই। কোনোভাবেই সম্মেলনের সাথে এ ঘটনা যুক্ত নয়।’
সাংবাদিকদের বন্ধু আখ্যায়িত করে তাদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ‘এভাবে যদি নিউজ করেন পুরোপুরি অবহিত না হয়ে। যদি কেউ মারা যায় সম্মেলনে সে ক্ষেত্রে তো প্রমাণ থাকবে। স্ট্রোক করেছে আপনারা (সাংবাদিক) খবর নেন।’
সিলেটভিউ২৪ডটকম / নিউজবাংলা / ডি.আর




