শব্দদূষণ নিয়ন্ত্রণে সিলেটের বিভিন্ন সড়কে মঙ্গলবার (১৫ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানকালে ২৫টি যানবাহন থেকে অর্ধশতাধিক হাইড্রোলিক হর্ন জব্দ ও কয়েকজনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার দিনভর সিলেট-সুনামগঞ্জ সড়কের ও সিলেট-ঢাকা মহাসড়কে এ অভিযান চালানো হয়। অভিযানে সহায়তা করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)।
জানা যায়, পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ বাইপাস পয়েন্ট ও সিলেট-ঢাকা মহাসড়কের তেতলিতে শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন।
মোবাইল কোর্টের মাধ্যমে এসময় ২৫টি যানবাহনের চালককে ২৫ জরিমানা করা হয়। এছাড়াও ৪৯টি যানবাহন থেকে মোট ৫৭টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বদরুল হুদা, বিভাগীয় কার্যালয়ের গবেষণাগার সহকারী শাহাদাৎ হোসেন এবং বিআরটিসি সিলেট এর প্রতিনিধিবৃন্দ।
অভিযানকালে সহায়তা প্রদান করে আনসার ব্যটিলায়ান। এসময় শব্দদূষণের কুফল সংক্রান্ত লিফলেটও বিতরণ করা হয়।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




