মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে গত মঙ্গলবার শুরু হওয়া দুইদিনব্যাপী রোবো ফেস্টিভ্যাল ২.০ সমাপ্ত হয়েছে গতকাল বুধবার। সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল হক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের প্রধান ড. ইফতেখারুল আমিন, সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. ফরহাদ রাব্বী এবং এই ফেস্টিভ্যালের পৃষ্ঠপোষক এএইচজেড এর প্রতিনিধি । অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, ছাত্রকল্যাণ উপদেষ্টা, প্রক্টর,  বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এমইউ রোবটিক্স ক্লাবের প্রেসিডেন্ট সুরজিত সিনহা। তিনি সুন্দরভাবে এই অনুষ্ঠান আয়োজন করার জন্য তার ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানান এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বিশেষ অতিথির বক্তব্যে ড. ইফতেখারুল আমিন রোবটিক্স ক্লাবের আয়োজনে প্রশংসা করে বলেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এই প্রতিযোগিতার আয়োজন করে তাদের সক্ষমতার পরিচয় দিয়েছে। আশা করি তারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় ভাল ফলাফল করবে। রোবট দিয়ে কাজ করানো নিয়ে মানুষের মনে কিছু আশংকা আছে, কিন্তু এটা অমূলক; কৃত্রিম বুদ্ধিমত্তা এখনো মানুষের বিকল্প হয়নি।

রোবটিক্স এবং অটোমেশনে মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কার্যক্রম দেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. ফরহাদ রাব্বী সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এখানে রোবোটিক্স এর উপর একটি শর্ট কোর্সও আছে যা তাদের এই বিষয়ে অনেক বিশ্ববিদ্যালয় থেকে এগিয়ে থাকার প্রমাণ। তিনি প্রযুক্তির এই বিভাগে মেট্রোপলিটন ইউনিভার্সিটির সাথে যৌথভাবে কাজ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন ।      

আমন্ত্রিত অতিথিগণ প্রতিযোগিতার পাঁচটি ইভেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। লাইন ফলোয়ার ও সকার রোবট উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয় ইইই-বিভাগের টিম এংগুলার। এছাড়া পোস্টার প্রেজেন্টেশন বিভাগে ইইই-বিভাগের ছাত্র সিফাত ইকবাল, প্রজেক্ট শোকেসিংয়ে ইইই ও সিএসই বিভাগের যৌথ টিম উন্মেষ এবং ড্রয়িং বিভাগে ইকোনমিক্স বিভাগের ছাত্র রেজাউল করিম সানি চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে