সিলেটে বিএনপির উদ্যোগে শনিবার বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশকে ঘিরে সিলেট বিভাগে ‘পরিবহন ধর্মঘট’-এর ডাক দিয়েছে দুটি পরিবহন সংগঠন। যেসব দাবি নিয়ে ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন সংগঠন তার মধ্যে পাল্টাপাল্টি করে করেছে সংগঠন দুটি।
প্রথমে বুধবার বিএনপির সমাবেশের দিন ধর্মঘটের ডাক দেয় সিলেট জেলা পরিবহন মালিক সমিতি। তাদের ডাকা ধর্মঘট কারণ হিসেবে দুটি দাবি করা হয়েছে। আর বৃহস্পতিবার সিলেট জেলা শ্রমিক ঐক্য পরিষদ’র উদ্যোগে ৪ দফা দাবিতে পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
তবে দুটি সংগঠনের উদ্যোগে ডাকা ধর্মঘটে একটি পক্ষের (সিলেট জেলা পরিবহন মালিক সমিতি) দাবি- নতুন করে সিএনজি চালিত অটোরিকশার রেজিস্ট্রেশন না দেয়া এবং অটোরিকশায় ৩ জনের বেশি যাত্রী পরিবহন না করা ও চালকের আসনের পাশে গ্রিল লাগানো। আর অপরপক্ষের দাবির মধ্যে রয়েছে- সিএনজি চালিত অটোরিকশার নতুন রেজিস্ট্রেশন প্রদান করতে হবে। তাদের পাল্টাপাল্টি দাবিতে সিলেটের জনগণ শনিবার সবধরনের যানবাহন চলাচল থেকে বাদ পড়বেন এবং ভোগান্তির শিকার হবেন।
এ বিষয়ে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল কবীর পলাশ জানান, ‘আমরা ২ দাবিতে সকাল-সন্ধ্যা ধর্মঘটের ডাক দিয়েছে। আমাদের দাবি হচ্ছে- ‘নতুন করে সিএনজি চালিত অটোরিকশার রেজিস্ট্রেশন না দেয়া এবং অটোরিকশায় ৩ জনের বেশি যাত্রী পরিবহন না করা ও চালকের আসনের পাশে গ্রিল লাগানো।’
আর নতুন করে সিএনজি চালিত অটোরিকশার রেজিস্ট্রেশন প্রদানসহ ৪ দফা দাবিতে ধর্মঘটের ডাকার বিষয়ে সিলেট জেলা শ্রমিক ঐক্য পরিষদ’র সাধারণ সম্পাদক মো. জাকারিয়া বলেন- ‘আমরা চার দফা দাবিতে ধর্মঘট ডেকেছি। আমাদের ন্যায্য দাবিগুলো হলো- সিলেটের সবকয়টি পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলনের অনুমতি প্রদান, সিএনজি চালিত অটোরিকশার নতুন রেজিস্ট্রেশন প্রদান, সিলেটের লামাকাজী ও শ্যাওলা সেতুতে টোল আদায় বন্ধ, হাইওয়েতে টমটম ও নসিমন চলাচল বন্ধ করতে হবে। আমাদের দাবি পূরণ না হলে আমরা কঠোর আন্দোলনের ডাক দেব।’
সিলেটভিউ২৪ডটকম/মুন্না




