ছবি : পল্লব ভট্টাচার্য্য
সিলেট বিএনপির এক সময়ের দোর্দণ্ড প্রতাপশালী নেতা ছিলেন এম. সাইফুর রহমান ও এম. ইলিয়াস আলী। দুজনেই নেতৃত্ব দিয়েছেন কেন্দ্রীয় পর্যায়ে।
সাইফুর রহমান ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতাদের একজন। দায়িত্ব পালন করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য হিসেবে। ছিলেন একাধিকবারের অর্থ ও পরিকল্পনামন্ত্রী। আর ‘নিখোঁজ’ হওয়ার আগে ইলিয়াস আলী ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার সভাপতি।
একসময় দুই নেতায় বিভক্ত ছিল সিলেট বিএনপি। দু’জনের হাত ধরে তৈরি হয়েছেন অসংখ্য নেতাকর্মী। সিলেটে দলীয় কোনো অনুষ্ঠান হলে পোস্টার, লিফলেট, ব্যানার, ফেস্টুন সবকিছুতেই ব্যবহার করা হতো এ দুই নেতার ছবি। কিন্তু হঠাৎ করে যেন সাইফুর ও ইলিয়াসকে ভুলতে বসেছে সিলেট বিএনপি।
আগামী ১৯ নভেম্বরের বিভাগীয় গণসমাবেশ ঘিরে ব্যানার, ফেস্টুন ও তোরণে সিলেট মহানগর সাজানো হলেও কোথাও নেই এ দুই নেতার ছবি। বর্তমান প্রজন্মের নেতাকর্মীরা দলে সাইফুর ও ইলিয়াসের অবদানের কথা জানেন না বলেই এই অবমূল্যায়ন- মনে করছেন জ্যেষ্ঠ নেতারা।
দেখা গেছে, বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে সমাবেশস্থল সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ এবং আশপাশের রাস্তাঘাটে এখন শোভা পাচ্ছে নানা রঙের বিশাল বিশাল ব্যানার, বিলবোর্ড ও ফেস্টুন। প্রচারমাধ্যমগুলোতে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবির সাথে দলের কেন্দ্রীয় ও স্থানীয় বিবিন্ন নেতার ছবি শোভা পাচ্ছে। কেউ নিজে আবার কেউবা নিজের পছন্দের নেতার পক্ষে এই বিলবোর্ড ও ব্যানার লাগিয়েছেন।
শত শত নেতার ভিড়েও কোথাও খুঁজে পাওয়া যায়নি বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমান এবং সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি এম. ইলিয়াস আলীর ছবি। জীবিত অবস্থায় যারা সাইফুর রহমানকে পুঁজি করে দলীয় পদপদবী ও নানা সুযোগ সুবিধা বাগিয়ে নিয়েছেন তাদের ব্যানার ও বিলবোর্ডেও দেখা যায়নি তার ছবি। একইভাবে ইলিয়াস আলীকে যারা রাজনীতির ধ্যানজ্ঞান ভাবতেন তাদের কাছেও উপেক্ষিত দীর্ঘদিন ধরে ‘নিখোঁজ’ এই নেতা। সিলেট যেখানে উৎসবের নগরীতে পরিণত হয়েছে সেখানে কোথাও নেই একসময়ের দাপুটে এই নেতা। সবাই যেন ভুলতে বসেছে তাদেরকে।
সাইফুর ও ইলিয়াসের ছবি না থাকা প্রসঙ্গে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী বলেন, সিলেটের নেতাকর্মীরা এ দুই নেতাকে মন থেকে শ্রদ্ধা করেন। এ দুই নেতার যেমন দলীয় রাজনীতিতে অবদান রয়েছে তেমনি সিলেটের উন্নয়নেও তাদের অবদান অসীম। গণসমাবেশ ঘিরে ব্যানার ফেস্টুন লাগানোর কাজটা নেতাকর্মীরা নিজ উদ্যোগ করছে। এ নিয়ে দলীয় কোন দিকনির্দেশনা ছিল না। তাই হয়তো সাইফুর রহমান ও ইলিয়াস আলীর ছবি বাদ পড়েছে। তবে গণসমাবেশে সিলেটের উন্নয়নে সাইফুরের অবদান যেভাবে তুলে ধরা হবে ঠিক একইভাবে ইলিয়াস আলীর সন্ধানেরও দাবি জানানো হবে।
নতুন প্রজন্মকে এ দুই নেতার জীবনকর্ম নিয়ে আরও বেশি করে জানার আহ্বান জানান তিনি।
সিলেটভিউ২৪ডটকম / শাদিআচৌ / ডালিম




