নিত্যপণ্যের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে সিলেটে চলছে বিএনপির গণসমাবেশ। সমাবেশে লাঠি হাতে দলে দলে যোগ দিচ্ছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে এগারোটায় সিলেট নগরের বিভিন্ন সড়কে এমন চিত্র দেখা গেছে।
জানা যায়- খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, তারেক রহমানের উপর থেকে মামলা প্রত্যাহার, সংসদ বিলুপ্ত করে সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি এবং নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এ গণসমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সমাবেশকে সফল করতে সিলেটের বিভিন্ন জেলা ও উপজেলায় দুই সপ্তাহব্যাপী বিরামহীন প্রচারণা করেছেন স্থানীয় ও জাতীয় বিএনপি নেতারা। অনেক জায়গায় প্রচারণায় গিয়ে হামলার শিকার হয়েছেন তারা। কোথাও কোথাও হামলার ঘটনায় মামলাও হয়েছে। বেশ কয়েকজন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গ্রেফতারও হয়েছেন। হুট করে সিলেটের ৪ জেলায় বিএনপির সমাবেশের পূর্ব মুহূর্তে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন নেতারা। ধর্মঘটের মধ্যেও বিএনপি নেতাকর্মীরা সিলেটে এসেছেন। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে জনসমুদ্র তৈরি হয়েছে। বিপুল সংখ্যক নেতাকর্মীরা এ রিপোর্ট লেখা পর্যন্ত নেতাকর্মীরা গণসমাবেশে যোগ দিচ্ছেন।
প্রসঙ্গত- নিত্যপণ্যের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে সিলেটে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হবে। বেলা ২টায় সিলেট মহানগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদরাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ইতোমধ্যে সিলেট এসে পৌঁছেছেন।
এদিকে, গণসমাবেশের সকল প্রস্তুতি শুক্রবার বিকেলের মধ্যেই শেষ করেছে সিলেট বিএনপি। বিভাগজুড়ে ডাকা গণপরিবহন ধর্মঘটের কারণে একদিন আগেই ভরে গেছে আলিয়া মাদরাসা মাঠ। শুক্রবার বিকেলেই পুরো মাঠ নেতাকর্মীতে পূর্ণ হয়ে যায়। রাতেও কিছুক্ষণ পরপর মিছিল সহকারে বিভিন্ন স্থানে থেকে আসতে থাকেন নেতাকর্মীর। শুক্রবার মধ্যরাত পর্যন্ত আলিয়া মাঠ হয়ে উঠে উৎসবের ময়দান।
সিলেটভিউ২৪ডটকম/মুন্না




