নিত্যপণ্যের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে আজ শনিবার (১৯ নভেম্বর) সিলেটে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সিলেটে বিএনপির গণসমাবেশ শুরুর সময় ছিল বেলা ২টা। তবে এর প্রায় আড়াই ঘন্টা আগেই শুরু হয়েছে সমাবেশ। আজ সকাল সাড়ে ১১টার দিকে এই সমাবেশ শুরু হয়।

গণসমাবেশের প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপর পৌনে ২টার দিকে মঞ্চে এসে পৌঁছেন। 


এ রিপোর্ট লেখা (বেলা ২টা) পর্যন্ত স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন।  

বিএনপি নেতারা জানান, কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে সকাল সাড়ে ১১টায় সমাবেশ শুরু হয়। পরে সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখতে শুরু করেন। 

বিএনপির এক নেতা সিলেটভিউকে জানান, নেতা-কর্মীদের কষ্টের বিষয়টি বিবেচনা করে সমাবেশ আগেই শুরু করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে অনেক নেতা-কর্মী সমাবেশস্থলে চলে আসেন। আজ তিনদিন চলছে তারা এখানে। অনেক কষ্ট করে তারা আছেন।

তিনি আরও জানান, সমাবেশ ২টায় শুরু করলে শেষ হতেও দেরি হবে। একটু আগে সমাবেশ শেষ হলে নেতা-কর্মীরা একটু আগেই বাড়ি ফিরতে পারবেন। তাই আগেই সমাবেশ শুরু হয়েছে।

এদিকে, আলিয়া মাদরাসা মাঠে হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত হয়েছেন। শনিবার সকাল থেকে মিছিল সহকারে তারা সমাবেশে যোগ দেন। এখনও জনস্রোত আসছে সমাবেশে।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম