হবিগঞ্জের বানিয়াচংয়ে কৃতি ফুটবলার ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের কারাবরণকারী নেতা ভূপেন্দ্র রায় চৌধুরীর ৩০তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে বি রায় চৌধুরী স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান লোকনাথ রমণ বিহারী সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ মৃত্যুবার্ষিকী পালন করা হয়।
বি রায় চৌধুরী স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি, গায়ক ও সঙ্গীতজ্ঞ আবু মোতালেব খান লেবু'র সভাপতিত্বে এবং লোক গবেষক ও লেখক আবু সালেহ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত উপসচিব, লেখক ও গবেষক শেখ ফজলে এলাহী বাচ্চু, বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত সচিব ও সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন, অধক্ষ স্বপন কুমার দাশ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফ, কবির মিয়া, দিলীপ নারায়ণ এবং বানিয়াচং আইডিয়েল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা স্বনামধন্য ক্রীড়া ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ ভূপেন্দ্র রায় চৌধুরী’র বিভিন্ন দুঃসাহসিক কর্মকান্ড উল্লেখ করে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। বক্তারা বলেন, ভারতীয় উপমহাদেশে খেলাধুলায় ব্যাপক সুনাম অর্জনের পাশাপাশি ব্রিটিশবিরোধী আন্দোলনে ব্যাপক ভূমিকা রাখেন এবং অসংখ্য বার কারাবরণ করেন বানিয়াচংয়ের কিংবদন্তি ভূপেন্দ্র রায় চৌধুরী।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বি রার চৌধুরী ফাউন্ডেশন কর্তৃক বানিয়াচংয়ের গুণী ব্যক্তিত্ব, লেখক ও গবেষক শেখ ফজলে এলাহি বাচ্চুসহ চার গুণী ব্যক্তি এবং ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদান রাখায় আরও চার জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং লেখক-গবেষক আহমদের সম্পাদিত 'বি রায় চৌধুরী'র জীবন ও কর্ম' নামক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
এছাড়াও এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ের চারজন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট এবং আর্থিক সম্মাননা দেয়া হয়। এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী আশরাফুল ইসলাম এবং পবিত্র গীতা পাঠ করেন সুজন সরকার জয়।
সিলেটভিউ২৪ডটকম / জসিম / ডি.আর




