আগামীকাল শনিবার বিএনপির কুমিল্লা বিভাগীয় সমাবেশ। সকাল থেকেই সমাবেশস্থলে নেতাকর্মীদের ব্যাপক জনসমাগম দেখা গেছে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে কুমিল্লার আশপাশের জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন।
সমাবেশ সফল করতে সমাবেশস্থলেই জুমার নামাজ আদায় করা হবে। শুক্রবার সকালে ঢাকাটাইমসকে এ তথ্য জানান বিএনপির বহিস্কৃত নেতা সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।
সাক্কু বলেন, সমাবেশস্থল টাউনহল মাঠে নেতাকর্মীদের জন্য জুমার নামাজের ব্যবস্থা করেছি। গতকাল পর্যন্ত ২৫ হাজার কর্মীকে আমি রিসিভ করেছি। তাদের মধ্যে চাঁদপুরের ফরিদগঞ্জ, হাজীগঞ্জসহ কুমিল্লার ১৭টি উপজেলা থেকে এসেছেন। আমার ৭৮টি ফ্ল্যাট ও আবাসিক হোটেলে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। তাদের জন্য তিন বেলা খাবার ত্রিপল বিছিয়ে ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছি।
এদিকে নগরীর টাউনহল মাঠ সমাবেশস্থলে ব্যাপক নেতাকর্মী লক্ষ্য করা যাচ্ছে। যদিও সমাবেশের মঞ্চ তৈরির সঙ্গে যারা জড়িত, তারা ছাড়া অন্য কেউ সমাবেশ শুরুর আগে সমাবেশস্থলে প্রবেশ কিংবা অবস্থান করতে পারবে না বলে শর্ত দিয়েছিল কুমিল্লা জেলা প্রশাসন।
আগামীকাল শনিবার কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির এই বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-১৩




