প্রেমের সম্পর্কের জের ধরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জীবন সেন নামে এক শিক্ষার্থী কর্তৃক পদার্থ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্রীকে মারধর ও শারীরিকভাবে হেনস্থার অভিযোগ উঠেছে। অভিযুক্ত জীবন সেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। সে বর্তমানে মাদকাসক্ত ও মানসিকভাবে অসুস্থ বলেও জানা গেছে। 

শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন শাহজালাল রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠীরা বিষয়টি নিশ্চিত করেছেন। 


ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠীরা বলেন, জীবন সেনের সাথে তার পূর্ব থেকে একটি সম্পর্কের জেরে মেইন গেইটের শাহজালাল রেস্টুরেস্টে কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ভুক্তভোগী মেয়ে ও আমাদের উপর সে চড়াও হয় এবং মারধর করে। পরে তাকে আটক করে প্রক্টরিয়াল বডির সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় সে মাদকাসক্ত ছিল বলেও ভুক্তভোগী শিক্ষার্থীর এক বন্ধু জানিয়েছেন। নিয়মিত উত্ত্যক্ত ও হয়রানির প্রেক্ষিতে প্রায় ১৫দিন আগে ভুক্তভোগী মেয়ে নিজ বিভাগে অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ দেয় বলে জানান তারা। 

মারধরের কারণের বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, সম্পর্ক নষ্ট হবার কারণে অভিযুক্ত শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং মাদকাসক্ত হয়ে পড়েছেন। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন উপায়ে নিয়মিত মেয়ের সাথে যোগাযোগের চেষ্টা করে আসছেন অভিযুক্ত শিক্ষার্থী।  

রিপোর্ট লেখার পূর্ব পর্যন্ত প্রক্টরিয়াল বডির সদস্যরা প্রাথমিকভাবে অভিযুক্ত শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করছেন। তবে এ বিষয়ে কিছু জানা যায় নি। তাছাড়া অভিযুক্ত জীবন সেনের সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।  

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইশরাত ইবনে ইসমাঈল বলেন, তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে মানসিকভাবে অসুস্থ বলে তার বোন আমাদেরকে জানিয়েছে। তার বোন এসে তাকে নিয়ে যাবে। এছাড়া ভুক্তভোগী শিক্ষার্থী লিখিতভাবে একটি অভিযোগপত্র জমা দিয়েছে। ঘটনার তদন্তে তদন্ত কমিটি হবে, তারা বিষয়টি বিস্তর খতিয়ে দেখবে।

সিলেটভিউ২৪ডটকম/জুবায়ের/ইআ-১৫