সিলেটের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘স্পিকারস ক্লাব অফ ইংলিশ’ এর আয়োজনে ‘আর্ট অফ স্পিচ’ নামক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক অনিক বিশ্বাস। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ থেকে চমৎকার কিছু উদাহরণ উপস্থাপন করেন, যা বাচিক শিল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পরে বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান ও বাংলাদেশ বেতারের নিয়মিত সংবাদ পাঠক গাজী সাইফুল হাসান রিসোর্স পার্সন হিসেবে অনুষ্ঠানটি পরিচালনা করেন। তিনি তার বক্তব্যে আর্ট অফ স্পিচ তথা বাচিক শিল্পকে মস্তিষ্ক ও কণ্ঠস্বরের প্রশিক্ষণ বলে উল্লেখ করেন। উপস্থাপনাকে তিনি বিশেষ গুরুত্বের সাথে ব্যাখ্যা করেছেন। বাচিক শিল্পের অভ্যন্তরীণ দিক, উপস্থাপনার কলাকৌশল, উচ্চারণের বিষয় ও নিয়ম, বাচিক শিল্পের ক্ষেত্রে অনুসরণীয় বিষয়সমূহ এবং বাচিক শিল্পের চর্চা কেন জরুরি এসব ছিল এই কর্মশালার মূল বিষয়। এর পাশাপাশি তিনি শিক্ষার্থীদের বর্ণমালা, উচ্চারণের সঠিক পদ্ধতি এবং বিরাম চিহ্নের সঠিক ব্যবহারের ব্যাপারেও বিশেষ দৃষ্টিপাত রাখতে বলেন।
অনুষ্ঠানের পরবর্তী অংশে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ ড. সুরেশ রঞ্জন বসাক সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। পরে তিনি রিসোর্স পার্সনের হাতে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেন।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী রুহামা চৌধুরী ও এস এ এম তাহমিদ সঞ্চালনায় কর্মশালায় ডেপুটি রেজিস্ট্রার মিহির কান্তি চৌধুরী, স্পিকার্স ক্লাব অফ ইংলিশ এর কোষাধ্যক্ষ ফারহানা খানম জলিসহ বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও এমইউ স্পিকার্স ক্লাবের প্রেসিডেন্ট সানজিদা চৌধুরী। সমাপনী বক্তব্যে তিনি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। কর্মশালা শেষে স্পিকার্স ক্লাব অফ ইংলিশ এর ভাইস প্রেসিডেন্ট তৃষা চৌধুরী উক্ত কর্মশালাটি সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে কর্মশালায় অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হয়।




