পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এমপি বলেছেন, যত দিন যাচ্ছে আমাদের ঘরে ঘরে মাদক ঢুকে যাচ্ছে। মাদক প্রতিরোধে সবাইকে পারিবারিকভাবে সচেতন হতে হবে। মাদকমুক্ত দেশ গড়তে হলে নিজের ঘর থেকে আন্দোলন শুরু করতে হবে। আর দেশের প্রতিটি ঘরে ঘরে মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুললেই মাদকমুক্ত দেশ গড়ে তোলা সম্ভব। মাদকমুক্ত দেশ গড়তে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। সরকারের পাশাপাশি আইন শৃঙ্খলাবাহীনিও জিরো টলারেন্সে আছে।

 


তিনি রোববার (৪ ডিসেম্বর) বিকেলে সিলেটের বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজার এলাকায় মানস জেলা, বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা শাখা আয়োজিত মাদক বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

 

মন্ত্রী আরো বলেন, আমরা বিজয়ী জাতি, আমরা যদি মাদকের বিরুদ্ধে সবাই সোচ্চার হই ও ঘরে ঘরে মাদক বিরোধী আন্দোলনে শামিল হই তবে আমরা মাদকের বিরুদ্ধেও জয়ী হবো। আর পরিবারে সন্তানদের শাষণের মধ্যে রাখা উচিত, যাতে তারা মাদক থেকে দূরে থাকে।

 

মানস’র প্রতিষ্ঠাতা ও সভাপতি, একুশে পদকপ্রাপ্ত শব্দ সৈনিক বীর মুক্তিযোদ্ধা ড. অরুপ রতন চৌধুরীর সভাপতিত্বে এবং সংগঠক আয়শা মুন্নী ও শিক্ষক হিমাংশু রায় হিমেলের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নিত) শাহরিয়ার বিন সালেহ, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান, বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মুহিবুর রহমান কিরণ।

 

জাতীয় সংগীতের মাধ্যমে শুভ সুচনা হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- অ্যাডভোকেট কল্যাণ চৌধুরী ও মানপত্র পাঠ করেন সমর কান্তি দে।

 

অনুষ্ঠানে অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-৪২