বুধবার (৭ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় লাঠি হাতে বেশ তৎপর ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য- সিলেটের মাছুম আহমেদ।

 


সংঘর্ষকালে সিলেটের এই যুবক ঢাকার পল্টন ছাত্রলীগ নেতা সি.এম.পিয়াল হাসানের নেতৃত্বে মিছিল ও বিএনপিকে ধাওয়ায় অংশগ্রহণ করেন। এমন ঘটনার বেশ কিছু স্থির দৃশ্য ও ভিডিও ফুটেজ বুধবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হতে শুরু করে।

 

জানা গেছে, মাছুম আহমেদের বাড়ি সিলেটে জকিগঞ্জে। তিনি সদ্য ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হয়েছেন। এর আগে জকিগঞ্জ, সিলেট মদনমোহন কলেজ ও জেলা ছাত্রলীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। দলীয় প্রায় সকল কর্মসূচিতে মাছুমের থাকে সক্রিয় অংশগ্রহণ।

 

মাছুম আহমেদ ৬ ডিসেম্বর অনুষ্ঠিত ছাত্রলীগের সম্মেলনে অংশগ্রহণের জন্য ঢাকায় যান। ওই দিন নয়াপল্টনে বিএনপি-পুলিশ মুখোমুখি হলে পল্টন ছাত্রলীগ নেতা সি.এম.পিয়াল হাসানের নেতৃত্বে তিনি বিএনপি নেতাকর্মীদের ধাওয়া দেন। এসময় স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তবে সিলেটের এই ছাত্রলীগ নেতার তৎপরতা ঢাকার নেতাদের নজর কাড়ে।

 

এসময় মাছুম বিএনপির ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড ভাঙচুর করেন। তার হাতে ছিলো বাঁশের লাঠি।

 


সিলেটভিউ২৪ডটকম / ডালিম /এসডি-৩৪