রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ফটকে আজও তালা ঝুলছে। কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত সড়কে দেওয়া হয়েছে ব্যারিকেড। এই সড়কে যান চলাচল ও সাধারণ মানুষ চলাচল করতে দেওয়া হচ্ছে না। পুরো এলাকায় বিপুল পুলিশ দায়িত্বপালন করছে।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও মোতায়েন করা হয়েছে বিপুল পুলিশ সদস্য। আজ শুক্রবার সকালে নয়াপল্টন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। সকাল থেকে বিএনপির কার্যালয়ে কোনো নেতা-কর্মীকে আসতে দেখা যায়নি।
নয়াপল্টন এলাকার মূল সড়ক থেকে শুরু করে প্রতিটি অলিগলির মুখে পুলিশ মোতায়েন করা হয়েছে। নাইটিঙ্গেল মোড়ে পুলিশের কয়েকটি সাঁজোয়া যান দেখা গেছে।
পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, নয়াপল্টন এলাকায় বিএনপির নেতা কর্মীরা যেন অবস্থান নিতে না পারেন সে জন্য পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়েছেন তারা। পরিস্থিতি বিবেচনায় এই এলাকায় সাধারণ মানুষকে আসতে দেওয়া হচ্ছে না। সাধারণ মানুষের নিরাপত্তার জন্যই এটি করা হচ্ছে বলেও জানান তারা।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে




