আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস-২০২২ উদযাপন উপলক্ষে কোম্পানীগঞ্জে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 


শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

 

পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

 

এতে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং।

 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নি ও উপজেলা কিশোর-কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার হাবিবুল্লাহ জাবেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, এম সাইফুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াদ আলী, উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান মাস্টার, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, দক্ষিণ রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা তথ্য অফিসের তথ্য আপা রোখসানা আক্তার, উপজেলা বিআরডিবির ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন আরিফ, কোম্পানীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, থানার সেকেন্ড অফিসার শাহ আলম প্রমুখ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন নারীকে প্রতিকূল পরিবেশ পার করে কীভাবে এগোতে হয়, সেটা বেগম রোকেয়া দেখিয়েছেন। বেগম রোকেয়া অশিক্ষা, গোঁড়ামি ও কুসংস্কারের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁকে মডেল ধরে নারীদের এগিয়ে যেতে হবে। তাঁর জীবনাদর্শ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। সব ধরনের স্বার্থ ত্যাগ করে মানুষের, সমাজ ও দেশের জন্য কাজ করতে হবে। নারীদের রক্ষা করার জন্য তাঁদেরই ঘুরে দাঁড়াতে হবে।

 

অনুষ্ঠানে নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী সাদিয়া ইয়াসমিন শাপলা, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নাজয় আয়েশা ঈশিতা এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মাসুমা জান্নাত শোভার হাতে জয়িতা সম্মাননা ক্রেস্ট ও সম্মানী ভাতার টাকা তুলে দেন অতিথিরা।

 


সিলেটভিউ২৪ডটকম/জলিল/এসডি-১৭