সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ মহানগরীতে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড চালাচ্ছে। বড় করা হচ্ছে রাস্তা, নতুন করে নির্মাণ করা হচ্ছে নালা।

এরই ধারাবাহিকতায় মহানগরের শাহী ঈদগাহ সড়কের টিবিগেট অনামিকা এলাকার প্রধান সড়কেও নালা নির্মাণ করা হচ্ছে। তবে এটি নির্মাণ করতে গিয়ে একটি অংশে টিলা কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে পরিবেশ ধ্বংস হচ্ছে সচেতন নগরবাসীর বক্তব্য। 


দেখা গেছে, মহানগরের টিবিগেট এলাকার দক্ষিণ অংশে একটি ছোট টিলার একপাশ কেটে সমতল করা হয়েছে। এরপর সেই সমতল অংশে নালার প্রশস্তকরণকাজ করা হয়েছে। কিন্তু টিলাটি এমনভাবে কাটা হয়েছে- বৃষ্টি হলেই টিলার কিছু অংশ ধসে পড়তে পারে। এতে স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা।

স্থানীয়দের বক্তব্য- কাজটি সিটি করপোরেশনের, টিলা কাটার দায় সিটি কর্তৃপক্ষ কোনোভাবেই এড়াতে পারে না।

তারা বলেন- টিলাটির উচ্চতা অন্তত ১৫ ফুট। মাসখানেক আগে টিলাটি কেটে পাকা নালা নির্মাণ করা হয়েছে। এর ফলে টিলার অন্তত ১৮ থেকে ২০ গজ অংশের মাটি কেটে ফেলা হয়। কাজটি খুবই দুঃখজনক।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন জানান, টিলা কাটার জন্য সিটি করপোরেশন তাঁদের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি। এ বিষযে খোঁজ নেওয়া হচ্ছে। 

এদিকে, তবে টিলা কাটার বিষয়ে কিছুই জানেন না বলে জানালেন সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান।

তিনি বলেন- এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।


সিলেটভিউ২৪ডটকম / নাজাত / ডালিম