সিলেটের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা কোম্পানি ‘ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেড’ ২০২০-২১ অর্থবছরে উৎপাদন খাতের প্রতিষ্ঠান হিসেবে সিলেট জেলায় সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী মনোনীত হয়েছে।
এ জন্য মিষ্টিজাত দ্রব্য বিপণন ও বিক্রয়কারী এ প্রতিষ্ঠানকে সরকারিভাবে পুরষ্কারে ভূষিত করা হয়েছে।
শনিবার (১০ ডিসেম্বর) মহানগরের উপশহরস্থ একটি অভিজাত হোটেলে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ‘ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলমের হাতে সম্মাননা ক্রেস্ট ও ভ্যাট সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (গ্রেড-১) ড. আব্দুল মান্নান শিকদারসহ অন্য অতিথিবৃন্দ।
এসময় উপস্থিত কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সিলেটের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেড। প্রতিষ্ঠানটির সিলেট শাখার মাধ্যমে বিভিন্ন ধরনের মিষ্টি, মিষ্টিজাত দ্রব্য, বিভিন্ন ধরনের বিস্কুট, চানাচুর, পাউরুটি ইত্যাদি উৎপাদন করে থাকে। উৎপাদিত দ্রব্যের সংখ্যা প্রায় ৪ শ। ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেড-এর অফিস এবং কারখানাটি সিলেটের খাদিমনগরের বিসিক শিল্প নগরীতে অবস্থিত। প্লট নম্বর ৯/১০। প্রতিষ্ঠানটির অন্য একটি অফিস এবং কারখানা চট্টগ্রামের বাকুলিয়ায় অবিস্থত।
সিলেটে ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেড-এর কার্যক্রম যথাক্রমে ২০০১ এবং ২০০৬ সালে শুরু হয়। সিলেটের খাদিমনগর বিসিক শিল্পনগরীর কারখানাটির আয়তন ৭২,০০০ বর্গ ফুট। প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম নিবাসী মোহাম্মদ শাহ আলম। অন্যান্য পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ১২ জন। সিলেট জোনের ডি.জি.এম হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন চট্টগ্রামের সাতকানিয়ার বাসিন্দা মো. জসিম উদ্দিন খন্দকার। সমগ্র দেশে প্রতিষ্ঠানটির বর্তমান জনবল ৯ হাজারেরও বেশি। এর মাঝে কর্মকর্তা হিসেবে দায়িত্বে আছেন প্রায় ১ হাজার জন।
সিলেট অঞ্চলে ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের সাথে সম্পৃক্ত আছেন প্রায় দেড় হাজার এবং এর মাঝে কর্মকর্তার সংখ্যা দেড় শ ও শ্রমিক হিসেবে নিয়োজিত রয়েছেন ১৩৫০ জন।
প্রতিষ্ঠানটির সিলেট অঞ্চলে উৎপাদিত বিভিন্ন দ্রব্য সিলেট বিভাগের সকল জেলায় সরবরাহ করা হয়। এছাড়াও ময়মনসিংহ, বি-বাড়িয়া, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও কুমিল্লা জেলায় সিলেটে উৎপাদিত ফুলকলি প্রোডাক্টস লিমিটেড এর বিভিন্ন দ্রব্য সরবরাহ করা হয়। সিলেট অঞ্চলে উৎপাদিত প্রতিষ্ঠানটির বিভিন্ন ধরনের মিষ্টিজাত দ্রব্য, বিস্কুট, চানাচুর ইত্যাদি ভারত, সৌদি-আরব, ইংল্যান্ড, আমেরিকা, নেপাল, মালয়েশিয়া এবং শ্রীলংকায় রপ্তানি হয়ে থাকে। প্রতিষ্ঠানটি উৎপাদন কাজে ব্যবহৃত সুগন্ধি এবং বিভিন্ন ধরনের রং সিঙ্গাপুর, চীন ও মালয়েশিয়া থেকে এবং মাখন মালয়েশিয়া এবং চীন থেকে আমদানি করে থাকে। প্রতিষ্ঠানটি উৎপাদন কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের যন্ত্রাংশ ভারত এবং চীন থেকে আমদানি করে। শো-রুমের সংখ্যা সমগ্র দেশে ১২০টি এবং সিলেট বিভাগে ৩৯টি।
প্রতিষ্ঠানটি শ্রমিকদের জন্য প্রভিডেন্ড ফান্ড, ঋণ ও সাহায্য, আহত-নিহত কিংবা অসুস্থদের জন্য ভাতা ইত্যাদির ব্যবস্থা করেছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি বিভিন্ন স্কুল, মাদ্রাসা, মসজিদ ইত্যাদিতে দান করে আসছে।
এছাড়াও প্রতিষ্ঠানটিতে অনেক প্রতিবন্ধির কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। প্রতিষ্ঠানটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বৃহৎ প্রজেক্ট-এর জন্য জমি গ্রহণের পরিকল্পনা করছে।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




