জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির নবাগত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক। আজ সোমবার সকালে ঢাকায় ধানমণ্ডির ৩২ নম্বরে গিয়ে এই শ্রদ্ধা নিবেদন করেন তিনি। একইসাথে জাতির পিতার পরিবারের সকল শহিদ ও স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধায় স্মরণ করে তাঁদের আত্মার মাগফেরাত কামনাসহ পরিবার পরিজনের সর্বাঙ্গীন কল্যাণ চেয়ে মোনাজাত করেন তিনি।
উপাচার্য জহিরুল হক মুক্তিযুদ্ধ চলাকালীন জাতির পিতা বঙ্গবন্ধুর অবিসংবাদিত ও অদম্য নেতৃত্বের কথা এবং মহান মুক্তিযুদ্ধপরবর্তী বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় ও দূরদর্শী স্বপ্নের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। ধানমণ্ডির ৩২ নম্বরে এক মিনিট নীরবতা পালনসহ পরিদর্শন বইয়ে স্বাক্ষরও করেন তিনি।
প্রসঙ্গত, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আব্দুল হামিদ গত ১৬ নভেম্বর মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হককে নিয়োগ দেন। গত ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন তিনি।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে




