বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির, সিলেটের ডা. শফিকুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে রাজধানী ঢাকাসহ দেশের চারটি জেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে ঢাকা ছাড়া সাতক্ষীরা, খুলনা ও বরিশালে হয়েছে বিক্ষোভ।

জানা গেছে, রাজধানীতে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর ব্যস্ততম এলাকা মৌচাক মার্কেটের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মালিবাগ রেলগেটে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।


বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, মু. দেলওয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন, মু. শামছুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আবদুস সালাম, মোবারক হোসাইন, শেখ শরিফ উদ্দিন আহমেদ, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আবদুল কাইউম মুরাদ, ঢাকা মহানগরী পূর্বের সভাপতি আরিফ হোসাইন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাজ্জাদুর রহমানসহ ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের বিভিন্ন থানা আমির ও সেক্রেটারিবৃন্দ।

সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের নেতারা অবিলম্বে তাদের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

এদিকে, জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে সাতক্ষীরা, খুলনা ও বরিশালে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। আজ মঙ্গলবার সকালে এ জেলাগুলোতে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল বের করেন তারা।

জানা গেছে, জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। সোমবার দিবাগত মধ্যরাতে উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি মিডিয়া) মো. ফারুক হোসেন জানান, জামায়াতের আমির ডা. শফিককে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা এখনো জানায়নি পুলিশ।

আজ সকালে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ জানিয়েছিলেন, রাতের ১টা থেকে দেড়টার দিকে উত্তরার একটি বাসা থেকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম এবং গাড়ির ড্রাইভারকেও নিয়ে যাওয়া হয়েছে।

এ ছাড়া পরিবারের বরাতে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের জ্যেষ্ঠ এক নেতাও অভিযোগ করেছিলেন, ব্যক্তিগত সহকারীসহ (পিএস) জামায়াতের আমিরকে তুলে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ১০ ডিসেম্বর বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন জামায়াত আমির। ২৪ ডিসেম্বর থেকে তত্ত্বাবধায়ক সরকারসহ নানা দাবিতে মাঠে থাকার ঘোষণা দেয় দলটি।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে


সূত্র : কালবেলা