সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ডিজিটাল লটারি সোমবার (১২ ডিসেম্বর) বেলা ২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি স্কুলগুলোতে আগামী বছরের জন্য প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারি হবে আজ মঙ্গলবার বিকালে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ডিজিটাল লটারি গতকাল সোমবার (১২ ডিসেম্বর) বেলা ২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। আর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের (মহানগরী ও জেলা সদরের সদর উপজেলা পর্যায়ে) ডিজিটাল লটারি মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা ৩টায় একই ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।
এর আগে সোমবার (১২ ডিসেম্বর) দুপুর ২টায় ডিজিটাল লটারির মাধ্যমে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী নির্বাচন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এবার ২০২৩ শিক্ষাবর্ষে লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাইয়ে দেশের ৫৪০টি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিয়েছে। এক লাখ ৭ হাজার ৮৯০টি আসনের বিপরীতে ৬ লাখ ৩২ হাজার ৯০৩টি আবেদন জমা পড়েছিল।
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৩ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন ১০ ডিসেম্বরে হওয়ার কথা ছিল। সেই তারিখ পরিবর্তন করা হয়। তবে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে (মহানগরী ও জেলা সদরের সদর উপজেলা পর্যায়ে) ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করা হয়নি। আগের নির্ধারিত তারিখেই এই লটারি অনুষ্ঠিত হবে।
সরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন নেওয়া শুরু হয় ১৬ নভেম্বরে, আবেদন চলে ৬ ডিসেম্বর পর্যন্ত। সরকারি বিদ্যালয়ের মতো বেসরকারি বিদ্যালয়গুলোতে ১৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা গেছে।
ফল জানা যাবে যেভাবে
ডিজিটাল পদ্ধতিতে দুটি মাধ্যমে ভর্তি সংক্রান্ত ফলাফল পাওয়া যাবে। এগুলো হলো- টেলিটক মোবাইল নাম্বার থেকে এসএমএস করে ফলাফল পাওয়া যাবে। GSA <space> RESULT <space> USER ID লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে। উদাহরণ GSA RESULT DFSRESGSJD লিখে যেকোনো টেলিটক মোবাইল থেকে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে। এছাড়া https://gsa.teletalk.com.bd ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।
প্রসঙ্গত, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের চাহিদা মোতাবেক দেশব্যাপী সরকারি ও বেসরকারি স্কুলে ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের ভর্তির অনলাইন ভিত্তিক ডিজিটাল লটারির মাধ্যমে ফলাফল প্রকাশের জন্য একটি ডায়নামিক সফটওয়্যার ডেভেলপমেন্ট করা হয়। এর মাধ্যমে মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা অনুসরণ করে স্বচ্ছ ও নির্ভূল প্রক্রিয়ায় ভর্তির জন্য ছাত্র-ছাত্রী নির্বাচন করা হয়েছে।
এ কার্যক্রমে শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদা মোতাবেক ছাত্র-ছাত্রী নির্বাচন করা হয়েছে। এ প্রক্রিয়ায় সর্বমোট তিন হাজার ৩৯২টি প্রতিষ্ঠান সংযুক্ত হয়েছে। এরমধ্যে ৫৪০টি সরকারি ও দুই হাজার ৮৫২টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রক্রিয়ায় এবার সাকুল্যে ১ লাখ ১২ হাজার ৬৪৪টি আবেদন গৃহীত হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-১৩




