বিয়েবাড়ি মানেই উপহারের ছড়াছড়ি। বর-বধূকে দাম্পত্য জীবনের শুভেচ্ছা জানিয়ে আত্মীয়-স্বজনরা উপহার তো দেনই। তবে নববধূকে সবচেয়ে স্মরণীয় উপহারটি দেন তার স্বামীই।
এমন একটি উপহার যা তাদের সারাজীবনের সুখস্মৃতি হয়ে থাকে। কিন্তু সেই উপহারটি যদি হয় গাধা, তাহলে? এমন উপহারের কথা শুনতে একটু অবাক লাগলেও ঘটনা সত্য। সম্প্রতি নববধূকে গাধা উপহার দিয়েছেন পাকিস্তানের এক যুবক।
তার নাম আজলান শাহ। ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বেশ জনপ্রিয়। স্বাভাবিকভাবেই তার এই উপহারের গল্প ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। সবার মুখে একটাই প্রশ্ন, বিয়েতে বউকে গাধা উপহার দেয় কে? এমন উপহারের কথা তো আগে শুনিনি। তাহলে কী ভেবে ওই পাকিস্তানি যুবক এমন কাণ্ড করলেন?
এর উত্তর দিয়েছেন আজলান নিজেই। জানিয়েছেন, তার স্ত্রী গাধা পছন্দ করেন। তাছাড়া এটি খুব পরিশ্রমী প্রাণীও বটে। তাই স্ত্রীর পছন্দের কথা ভেবেই বিয়েতে তাকে একটি গাধার শাবক উপহার দিয়েছেন তিনি।
পছন্দের পোষ্য পেয়ে খুশি নববধূ বারিষা জাভেদ খানও। গাধাটিকে নিয়ে হাসিমুখে ছবি তুলেছেন বর-বউ। ইনস্টাগ্রামে এর একাধিক ছবি-ভিডিও শেয়ার করেছেন তারা। জানিয়েছেন, তারা গাধা শাবকটির নাম রেখেছেন ‘ভোলা’।
আজলান আরও জানিয়েছেন, গাধার শাবকটিকে তার মায়ের কাছ থেকে কেড়ে নেওয়া হয়নি। শাবকটির পাশাপাশি তার মাকেও কিনে নিয়েছেন তিনি। অর্থাৎ মা ও বাচ্চা- দুটি প্রাণীই এখন তাদের কাছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-২০
সূত্র : জাগোনিউজ




