শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ স্থাপন করা হয়েছে।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ কর্নারের উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, 'বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ' কর্নার স্থাপনের উদ্যোগকে সাধুবাদ জানাই। এর মাধ্যমে হলের শিক্ষার্থীরা দেশের ইতিহাস, মুক্তিযোদ্ধাদের অবদান ও বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবে। আশা করি, তরুণ প্রজন্ম ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহী হবে এবং বঙ্গবন্ধু ও মুক্তিযু্দ্ধের চেতনাকে লালন করে দেশকে এগিয়ে নিয়ে যাবে।
মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবু সাঈদ আরফিন খান জানান, হলটির নিচলার রিডিং রুমে নতুন এই কর্নার স্থাপন করা হয়েছে। এতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের জীবনী, স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর ত্যাগ ও অবদানে লিখিত শতাধিক বই রাখা হয়েছে।
তরুণ প্রজন্ম ও হলের শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে এবং বঙ্গবন্ধুর আদর্শে উদ্ধুদ্ধ করতে এ উদ্যোগ বলে জানান তিনি।
এছাড়া তিনি বলেন, কর্নারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক আরো বই যোগ করা হবে।
সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-০৯




