ভোজ্যতেলের দাম বাড়ায় এবার সিলেট বিভাগজুরে বেড়েছে সরিষার আবাদ। এ বছর বিভাগের চার জেলায় ২৪ হাজার ৬৩২ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত বিভাগে ১৭ হাজার ৩২০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। ফলন ভালো হওয়ায় বিভাগের চার জেলায় সরিষা চাষ বেশ জনপ্রিয়তা লাভ করেছে।

সিলেট বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বছর আশানুরূপ ফলন ও ভালো দাম পাওয়ায় এবার এ অঞ্চলে ব্যাপক হারে বেড়েছে সরিষার চাষ। তাছাড়া সিলেট অঞ্চলে সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির প্রকল্পের আওতায় সিলেট বিভাগের ৫০ হাজার কৃষকদের মধ্যে জনপ্রতি ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০  কেজি এমওপি সার বিতরণ করা হয়। এর মধ্যে সিলেট জেলায় ২১ হাজার ৭০০ জন, মৌলভীবাজার জেলায় ১৩ হাজার ১৫০ জন, হবিগঞ্জ জেলায় ১০ হাজার ৮৫০ জন ও সুনামগঞ্জ জেলায় ৪ হাজার ৩০০ জন কৃষকের মধ্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়। ফলে বিগত সময়ের চেয়ে এবার সিলেট বিভাগে সরিষা চাষীর সংখ্যাও বৃদ্ধি  পেয়েছে।



বিভাগের চার জেলায় এবার মোট ১৭ হাজার ৩২০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৫ হাজার ৬৭৫ হেক্টর, সুনামগঞ্জ ২ হাজার ৬২০ হেক্টর, হবিগঞ্জ ৪ হাজার ২৫০ হেক্টর এবং মৌলভীবাজারে ৪ হাজার ৭৭৫ হেক্টর জমিতে সরিয়া চাষ হয়েছে।
 

কৃষকদের সথে কথা বলে জানাযায়, গতবারের তুলনায় এবার সরিষা বেশ ভালো হয়েছে। বন্যার কারনে মটিতে পলি জমায় আরো বেশি ফলন হচ্ছে। বাজারে তেলের চড়া দাম থাকায় সরিষা চাষে জোর দিয়েছি আমরা। সরিষা চাষে খরচ ও ঝামেলা কম এবং স্বল্প সময়ের মধ্যে ঘরে তোলা যায়। ভরা মৌসুমে সরিয়ার বাজারদর কম হলেও সহজেই নিজ ঘরে ভালোভাবে সংরক্ষণ করা যায়। সে কারণে সরিয়া চাষাবাদে সহজেই লাভবান হওয়া যায়।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ নাজাত-০৩