যথাযথ মর্যাদার মধ্য দিয়ে সিলেটের শীর্ষস্থানীয় বেসরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বুধবার জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন, শ্রদ্ধাঞ্জলি অর্পণ, কালো ব্যাজ ধারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা জানায়, বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ বুধবার সকাল ৯টায় বটেশ্বরস্থ স্থায়ী ক্যাম্পাসে উপাচার্য ও উপ-উপাচার্য জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করেন। সকাল ১০টায় নগরীর চৌহাট্টাস্থ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান অতিথির বক্তব্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, ‘মুক্তিযুদ্ধ চলাকালীন এবং স্বাধীনতা অর্জনের পরেও বাংলাদেশের সম্পদ বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে জাতিকে মেধাশুন্য করার প্রচেষ্টা গ্রহণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসরেরা। যা ছিল বাঙালি জাতির জন্য অপূরণীয় ক্ষতি। এ দিবস পালনের প্রকৃত মাহাত্ম্য অনুধাবন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ড চর্চার মাধ্যমে দেশ ও জাতির কাজ করতে হবে। পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পেছনে সমস্ত ত্যাগের প্রকৃত ইতিহাস শিক্ষার্থীদের অবহিতকরণের মাধমে ভবিষ্যতে উন্নত বাংলাদেশ বিনির্মাণে তাদের কাণ্ডারি হিসেবে প্রস্তুত করতে হবে।’


সভায় বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন বলেন, ‘বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান। একাত্তরে নিশ্চিত পরাজয় জেনে পাকিস্তানি হানাদাররা সুপরিকল্পিতভাবে বাংলাদেশকে মেধাশূন্য করতে হত্যাযজ্ঞ চালায়।’ তিনি বলেন, ‘নতুন প্রজন্মকে আমাদের মুক্তির সংগ্রামের সঠিক ইতিহাস জানাতে হবে। স্বাধীনতার জন্য আমাদের যে ত্যাগ, যে বিপদসংকুল পথ আমাদেরকে পাড়ি দিতে হয়েছে, তা পাঠ্যপুস্তকে যথাযথভাবে তুলে ধরতে হবে।’


আইন ও বিচার বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক গাজী সাইফুল হাসানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কোষাধ্যক্ষ এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে প্রকৃত অর্থে বুদ্ধিবৃত্তিক চর্চাই হবে এই দিবসে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন।’


সভায় বক্তব্য রাখেন ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তাহের বিল্লাল খলিফা, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল হক চৌধুরী, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন সহযোগী অধ্যাপক শেখ আশরাফুর রহমান, রেজিস্ট্রার তারেক ইসলাম, অর্থনীতি বিভাগের প্রধান ও প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দিন, আইকিউএসির অতিরিক্ত পরিচালক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রমা ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার মিহিরকান্তি চৌধুরী প্রমুখ। এ ছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, পরীক্ষা নিয়ন্ত্রক খন্দকার মকসুদ আহমেদ, পরিচালক (অর্থ) ইনামুল হক, ডেপুটি লাইব্রেরিয়ান মাশরূফ আহমেদ চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে