অভিযুক্ত ইমন

সিলেটে ‘ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ’র (টিসিবি) ডিলারশিপের ভুয়া আবেদনপত্র দেখিয়ে চাচার কাছ থেকে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। এ অভিযোগে দায়েরকৃত মামলায় ওই যুবককে গ্রেফতার করে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

 


গ্রেফতারের বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন সিলেটের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দুহা পিপিএম।

 

মামলা সূত্রে জানা গেছে, সিলেটের মোগলাবাজার থানাধীন গোটাটিকর পাঠানপাড়া এলাকার এ ব্লকের ১০৪ নং বাসার ইলিয়াছ খানের ছেলে বদরুল খানের (৩৯) কাছে ব্যবসায় অংশীদার করার কথা বলে টাকা ঋণ চান তার ভাতিজার পাঠানপাড়ার এ ব্লকের ১০৭ নং বাসার দিলদার খানের ছেলে ইমন খান (২৮)। এ ক্ষেত্রে প্রতারণার আশ্রয় নেন ইমন। বদরুলকে টিসিবি’র কাছ থেকে ডিলারশিপ নেওয়ার একটি ভুয়া আবদেনপত্র দেখান তিনি। সেটি দেখে বিশ্বাস করেন বদরুল এবং ৩০০ টাকার স্ট্যাম্পে চুক্তি করে দুই ধাপে ভাতিজা ইমনকে ১০ লাখ টাকা দেন তিনি। কিন্তু টাকার নেওয়ার পর বদরুলের সঙ্গে নানা টালবাহানা শুরু করেন ইমন। একপর্যায়ে টাকা আত্মসাতের বিষয়টি বুঝতে পেরে ডিলারশিপের সেই আবদেনপত্রের ফটোস্ট্যাট কপি নিয়ে টিসিবি’র সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে গেলে বদরুলের কাছে ইমনের প্রতারণার বিষয়টি ধরা পড়ে।

 

পরে এ ঘটনায় মামলা দায়ের করলে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) মোগলাবাজার থানাপুলিশ অভিযুক্ত ইমনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। এসময় আদালত ইমনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

 


সিলেটভিউ২৪ডটকম / আনোয়ার / ডালিম