বর্ণাঢ্য আয়োজনে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ উপলক্ষে সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন- ২ এর সামনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।
এরপর সকাল ৭টা ৫০ মিনিটে ও ৮টা ৩০ মিনিটে শহীদ মিনার এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য, ডিনস ফোরাম, বিভিন্ন বিভাগ, শাবি শিক্ষক সমিতি, শাবি অফিসার্স অ্যাসোসিয়েশন, বিভিন্ন ছাত্রসংগঠন ও কর্মচারীদের বিভিন্ন সংগঠন।
পরবর্তীতে সকাল সাড়ে ৯টায় প্রশাসনিক ভবন-২ থেকে উপাচার্যের নেতৃত্বে একটি বিজয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোলচত্বরে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে দেশের স্বাধীনতা সংগ্রামের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, স্বাধীনতা বিরোধী শক্তিরা এখনো মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে, দেশের ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই সব অপশক্তির বিরুদ্ধে সজাগ দৃষ্টি রাখতে হবে। সেজন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
এরপর সকাল ১০টায় একাডেমিক ভবন ‘ডি’তে শিশুদেরকে নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সকাল ১১টা ৩০ মিনিটে হ্যান্ডবল গ্রাউন্ডে শিক্ষক ও কর্মকর্তাদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এছাড়া বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার থেকেই বর্ণিল সজ্জায় সাজানো হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, ইউনিভার্সিটি সেন্টার, আবাসিক হল, কিলোরোড, গোলচত্বর, বঙ্গবন্ধু চত্বর।
সিলেটভিউ২৪ডটকম/নোমান/ইআ-১৩




