ছেলে জঙ্গিবাদে জড়িত বলে স্বীকার করেছেন জামায়াতে ইসলামীর আমির- এমনটি জানিয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান বলেন, ‘জামায়াতের আমিরকে জিজ্ঞাসাবাদ চলছে। তিনি আমাদের কাছে স্বীকার করেছেন তার ছেলে নতুন জঙ্গি সংগঠনে জড়িত। বিষয়টি তিনি (আমির) জানতেন। তার ছেলে ‘হিজরত’ থেকে ফেরত এসেছে। নতুন জঙ্গি সংগঠনে আমিরের সংশ্লিষ্টতা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
‘এ বিষয়ে জানতে পারলে বিস্তারিত জানানো হবে’ বলে জানান মো. আসাদুজ্জামান।
অন্য এক প্রশ্নের জবাবে সিটিটিসি প্রধান বলেন, ‘জামায়াত আমির জানতেন তার সন্তান (রাফাত) জঙ্গিবাদে জড়িয়ে যাচ্ছে, এটা তার (আমিরের) অপরাধ। আমির জানত তার ছেলে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদে জড়িয়ে গেছে, হিজরত করেছে। তার ছেলে নতুন জঙ্গিদের একটা গ্রুপসহ বান্দরবানের উদ্দেশ্যে রওনা করেছে। সেখান থেকে জামায়াতের আমির ছেলেকে নিয়ে আসতে সব ধরনের যোগাযোগ করেছে। পরে তাকে নিয়ে এসেছে। এটা সন্ত্রাসবাদের সর্বোচ্চ সহযোগিতা। এসব বিষয়ে জামায়াতের আমির আইনশৃঙ্খলা বাহিনীর কারও সঙ্গে যোগাযোগ করেনি।’
সিলেটভিউ২৪ডটকম / ঢাকা টাইমস / ডি.আর




