সিলেটের বিশ্বনাথ উপজেলার হিমিদপুর গ্রামে সাবেক মেম্বার মৃত ইজার আলীর বাড়িতে গভীর রাতে বসত ঘরের দরজা ভেঙ্গে ডাকাতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে ডাকাত দল পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে মৃত ইজার আলী মেম্বারের পুত্র ইউসুফ আলী ও মৃত ইদ্রিস আলীর পুত্র রাজন মিয়ার ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ ইউসুফ আলী জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা থেকে তিনটার দিকে ২৫-২৭ জনের মুখোশধারী একদল ডাকাত বাড়িতে হানা দেয়। বসতঘরের দরজা ভেঙ্গে ডাকাত দলের ১০-১৫ জন সদস্য ঘরের ভিতরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে রাখে। একই সময় পাশের আরেকটি ঘর ডাকাতি করে। ডাকাতিকালে ডাকাত দল তার ঘরে থাকা দেড় ভরি স্বর্ণালংকার, নগদ কয়েক হাজার টাকা ও স্যামসাং গ্যালাক্সি মডেলের ৫টি মোবাইল সেট এবং দামী কাপড়চোপড়সহ প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল লুট করে।


ক্ষতিগ্রস্থ রাজন মিয়ার বড় ভাই রোমান মিয়া জানান, একই সময় ডাকাত দল তার ভাই রাজন মিয়ার ঘর থেকে নগদ ৩২ হাজার টাকা ও এক ভরি স্বর্ণালংকারসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল। তবে রাজন মিয়া অসুস্থ থাকায় এসময় তারা কেউ ঘরে ছিলেন না।

এদিকে ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানা নেই জানিয়েছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) কর্মকর্তা গাজী আতাউর রহমান।

সিলেটভিউ২৪ডটকম/অপু/পিডি