ছবি : মো. মোজাম্মেল হক

শীতের মৌসুম চললেও সিলেটে কয়েক দিন আগ পর্যন্তও ছিলো না ঠান্ডার দাপট। তবে সোমবার (২৮ ডিসেম্বর) ভোর থেকে হঠাৎ ঝুপ করে পড়েছে শীত। আর এ শীত এসেছে বৃষ্টি নামক বাহনে চড়ে। 

সোমবার ভোর থেকে সিলেটের বেশিরভাগ এলাকায় অন্তত ৪ ঘণ্টা ধরে চলে হালকা বৃষ্টি। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের কারণে সিলেট অঞ্চলে এই বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


আবহাওয়া অফিস জানায়, সিলেটে এই বৃষ্টি মঙ্গলবারও থাকতে পারে।

পৌষ মাসের মাঝামাঝি সময় হলেও সিলেটে এবার শীতের তীব্রতা কম ছিলো। তবে সোমবার সকালের বৃষ্টির পর শীতের তীব্রতা অনেক বেড়েছে। 

সিলেট আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, আজ (সোমবার) সকালে যে বৃষ্টি হয়েছে সেটির পূর্বাভাস ১০ দিন আগেই জানা গিয়েছিল। পুরো জেলাতেই হালকা বৃষ্টি হয়েছে। মঙ্গলবারও এমন বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টি শেষে শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনাই বেশি।  

এদিকে, সোমবার সকাল থেকে কনকনে শীতের অনুভূতি থাকায় সিলেটে বেশি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। আর শীতবস্ত্রের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন দুস্থ ও ছিন্নমূল মানুষেরা।

অপরদিকে, শীতের তীব্রতা বাড়ায় সিলেটে হিড়িক পড়েছে গরম কাপড় কেনার। শীত নিবারণের জন্য মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা ভিড় করছেন সিলেট মহানগরের ফুটপাতের ভ্রাম্যমাণ দোকানগুলোতে। দুপুরে নগরের বন্দরবাজার, জিন্দাবাজার ও আম্বরখানাসহ বিভিন্ন এলাকায় শত শত মানুষকে শীতের কাপড় কিনতে দেখা গেছে। গ্রামগঞ্জে আগুন জ্বালিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করছেন লোকজন।  


সিলেটভিউ২৪ডটকম / ডালিম