সিলেটে হালকা বৃষ্টিতেই ধুলাবালি কাদায় রূপান্তরিত হয়ে বেশ কয়েকটি রাস্তাঘাটের অবস্থা বিপজ্জনক হয়ে পড়েছে। কর্দমাক্ত এসব রাস্তায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন, ভোগান্তি পোহাচ্ছেন পথচারীরা।

সোমবার (২৬ ডিসেম্বর) সিলেট মহানগরের মাসিমপুর, ছড়ারপাড়, কালীঘাট, কাজিরবাজারসহ বিভিন্ন রাস্তা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।


সোমবার ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত সিলেটের বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও হয়েছে হালকা বৃষ্টিপাত। ফলে শীতের মৌসুমে রাস্তাঘাটে থাকা ধুলাবালি রূপ নিয়েছে কাদায়। বিশেষ করে সিলেট মহানগরের যেসব রাস্তায় উন্নয়ন কার্যক্রম চলছে সেসব রাস্তার অবস্থা বেশি বিপজ্জনক। 

মহানগরের মাসিমপুর, ছড়ারপাড়, কালীঘাট, কাজিরবাজারসহ বেশ কয়েকটি রাস্তার পাশের ড্রেন নির্মাণ, সড়ক প্রশস্তকরণ কাজ চলমান থাকার কারণে কয়েক ইঞ্চি পরিমাণ কাদায় ভরে গেছে এসব রাস্তা।  এতে ঝুঁকি নিয়ে যান ও পথচারীদের চলাচল করতে হয়েছে।  

সিলেটের প্রধান পাইকারি আড়ৎ কালীঘাটের ব্যবসায়ী ইফতেখার আহমদের সঙ্গে কথা এ প্রতিবেদকের। ওই ব্যবসায়ী বলেন, বৃষ্টির কারণে গুরুত্বপূর্ণ কালীঘাটের রাস্তার এমন বেহাল দশায় স্থানীয় ব্যবসায়ীসহ আগত ব্যবসায়ীরা দারুণ সমস্যায় পড়েছেন। এই রাস্তার কাজ দ্রুত শেষ করার জন্য তিনি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষেল প্রতি অনুরোধ জানান।

সিলেটের সচেতন মহলের দাবি, রাস্তাঘাট থেকে কাদা অপসারণের জন্য সিলেট সিটি কর্পোরেশনকে দ্রুত উদ্যোগ নেয়া দরকার। না হলে যেকোনো সময় সড়কে ঘটতে পারে বড় দুর্ঘটনা।
 

সিলেটভিউ২৪ডটকম / জুনেদ / ডালিম