আগামী বছরের (২০২৩) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) এপ্রিলের মাঝামাঝি অনুষ্ঠিত হতে পারে। আর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা জুনে হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির সভাপতি তপন কুমার সরকার প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য জানান। 

 


তিনি বলেন, আগামী বছরের এসএসসি পরীক্ষা এপ্রিলের মাঝামাঝি নিতে কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে এর দুই মাস পর এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। 

সাধারণত এসএসসি ও এইচএসসি পরীক্ষার মধ্যে মোটামুটি দুই মাসের একটি বিরতি দেওয়া হয়। 

 

২০২৩ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হবে। প্রতি বিষয়ে সময় বরাদ্দ থাকবে ৩ ঘণ্টা। আর এসএসসি পর্যায়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) পরীক্ষা হবে ৫০ নম্বরের। আর অন্য প্রতিটি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ জন্য ৩ ঘণ্টা সময় পাবে পরীক্ষার্থীরা। আর এইচএসসিতেও প্রতি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় বরাদ্দ থাকবে ৩ ঘণ্টা। 

তবে সব বিষয়ে পরীক্ষা হলেও পূর্বঘোষণা অনুযায়ী, আগামী বছরের পরীক্ষাও হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির ভিত্তিতে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ নাজাত-১১


সূত্র : প্রতিদিনের বংলাদেশ