মৌলভীবাজার কুলাউড়া উপজেলা পোস্টমাস্টার স্বপন কুমার দে উচ্চতর গ্রেডে পদোন্নতি পেয়েছেন। কুমিল্লা জেলা পোস্ট অফিসের ডেপুটি মাস্টার পদে তাকে পদায়ন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকালে কুলাউড়া উপজেলা পোস্ট অফিস কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে তার বদলিজনিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
ভারপ্রাপ্ত পোস্টমাস্টার মো. মোতাহির আলীর সভাপতিত্বে ও ডাক বিভাগের সিলেট-সুনামগঞ্জ-মৌলভীবাজার (আংশিক) সিবিএ সভাপতি আব্দুর রকিবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম।
বক্তারা বলেন, বিদায়ী পোস্টমাস্টার স্বপন কুমার দে কুলাউড়ায় তার চাকরিজীবনে একজন সৎ, পরিশ্রমী ও কর্তব্য নিষ্ঠাপরায়ণ কর্মকর্তা হিসেবে সহকর্মীদের নিয়ে কাজ করে গেছেন। তার প্রতি কুলাউড়ার সকল স্তরের মানুষের অকৃত্রিম ভালোবাসা, শ্রদ্ধা আর কৃতজ্ঞতা রয়েছে। তার কর্মজীবনের বাকি সময় যাতে সুনামের সাথে সম্পন্ন করেন বক্তারা সেই আশাবাদ ব্যক্ত করেন।
বিদায়ী পোস্টমাস্টার স্বপন কুমার দে কুলাউড়াসহ বিভিন্নস্থানে একই পদে একাধারে ৩০ বছর নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের স্মৃতিচারণ করে বলেন, তিনি যেখানেই যাবেন কুলাউড়ার সকলের আন্তরিক সহযোগিতার কথা স্মরণ করবেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জ্যুতি বিকাশ দেব, মন্তর মিয়া, অর্পণ চক্রবর্তী, মনমোহন দাস, বিষ্ণ পদ দত্ত, ফখর উদ্দিন, আমিন আলী, প্রদাফ দেব, এলাইচ আলী প্রমুখ।
সভাশেষে বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে বিদায়ী পোস্টমাস্টার স্বপন কুমার দে-কে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/ অনি/ নাজাত-০৩




