মেধা, যোগ্যতা আর আন্তরিকতাই মানুষকে আত্মনির্ভরশীল হওয়ার স্বপ্ন দেখায়। সাবেক ইউপি চেয়ারম্যান থেকে সফল কৃষক ও খামারি। তার এ সফলতা দেখে এলাকার বিভিন্ন পেশার মানুষজন এখন খামার পরিচালনায় নিজেকে আত্মনিয়োগ করে তুলেছেন। ওই উদ্যোক্তা হচ্ছেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বগুলা বাজার ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান আহাম্মদ আলী আপন । তিনি ওই ইউনিয়নের নোয়াডর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। শ্রমিকের পাশাপাশি কোমর বেঁধে সেই কাকডাকা ভোর হতে সন্ধ্যা অবধি মাঠে কাজ করেন তিনি। কখনো কাস্তে হাতে,  কখনো কোদাল, কখনো কাধে লাঙ্গল আর কখনো বা খেত নিড়ানিতে ব্যস্ত সময় পার করেন তিনি। 

এদিকে বিগত সময়ে জনপ্রতিনিধি হিসেবে  অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে নিজ ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়নে গড়ে তোলেন তিনি। কিন্তু পরবর্তীতে জনগণের ব্যাপক চাহিদা থাকা সত্বেও তিনি নির্বাচনে অংশগ্রহণ না করে মনোনিবেশ করেছেন কৃষিক্ষেত্রে ।


অপরদিকে ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। লেখাপড়া শেষ করে মাটি ও মানুষের টানে জনসেবায় জনগণের পাশে এসে দাঁড়ান এই নিবেদিত মানুষটি। এখন মনোনিবেশ করেছেন কৃষিকাজে। তিনি নিজের জমিতে একের পর এক ফসল উৎপাদন অব্যাহত রেখেছেন। তিনি একজন সফল কৃষক ও  সফল খামারি এমনটাই তার দাবি।

সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলী আপন বলেন, কৃষিপ্রধান দেশে কৃষি আমাদের উন্নয়নের চালিকা শক্তি। কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন ঘটবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এক ইঞ্চি জমিও যাতে পতিত না থাকে সেই আলোকেই নিজের জমি নিজ হস্তে আবাদ করছি। এতে একদিকে নিজে লাভবান হচ্ছি, অপরদিকে দেশের উন্নয়নে অবদান রাখবে বলে মনে করি। এ বছর নিজের তিন একর জমিতে সরিষা চাষ করেছেন তিনি। 

কৃষিকাজের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে তিনি আরো বলেন, মাঝে মধ্যে প্রাকৃতিক কারণে ফসল নষ্ট হলেও তিনি কখনই হাল ছাড়েননি। নতুন উদ্যমে নতুন ফসল চাষ করেছেন। ভালো মাটি ও আবহাওয়া কৃষির জন্য বেশ উপযোগী বলে মনে করেন তিনি। আগে শুধু ধান চাষাবাদ করলেও তিনি এখন সব ফসল ফলান। বর্তমান সময়ের কৃষি প্রযুক্তি তার কাছে খুবই সহজলভ্য বলেও মন্তব্য করেন তিনি।

সিলেটভিউ২৪.কম/মাহি/তাজুল