সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে কাঠ সংগ্রহ করতে গিয়ে ভারতীয়দের খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় নিহতের বাবা একটি মামলা দায়ের করেছেন। 

 


সোমবার (২ জানুয়ারি) সকালে নিহত জৈন উদ্দিনের (১৮) বাবা নূর মিয়া বাদী হয়ে এ মামলা করেছেন বলে সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী নিশ্চিত করেছেন। 

 

তিনি বলেন- ‘কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের বনপুর আদর্শ গ্রামের নূর মিয়ার ছেলে জৈন উদ্দিন ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত হয়েছেন এমন একটি অভিযোগ করা হলে আমরা মামলা রেকর্ডভুক্ত করি। বিষয়টি তদন্তাধীন। আমরা গুরুত্ব সহকারে বিষয়টি দেখছি।’

 

ওসি আরও বলেন- ‘নিহত জৈন উদ্দিনের মরদেহ গতকাল রোববার বিকেলে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- গত শনিবার বিকেলে কোম্পানীগঞ্জের উৎমা সীমান্ত এলাকায় চার তরুণ কাঠ সংগ্রহ করতে যান। এসময় ভারতীয় খাসিয়ারা তাঁদের উদ্দেশ্য করে গুলি ছুড়ে। এ সময় অন্য তরুণেরা পালিয়ে গেলেও জৈন উদ্দিন গুলিবিদ্ধ হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে আনা হয়। খবর পেয়ে পুলিশ বাড়ি থেকে জৈন উদ্দিনকে মৃত অবস্থায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

 


সিলেটভিউ২৪ডটকম/মুন্না