সিলেটের জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মো. মামুনুর রশীদ বলেছেন, কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের পাশাপশি বইয়ের আসল মর্মবাণী, শিক্ষা ও নীতি-আদর্শ ছড়িয়ে দিতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনে ভালো ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়ার আগে ভালো মানুষ হতে হবে। কারণ নৈতিক গুণসম্পন্ন মানুষ সমাজের সম্পদ। 


গত রোববার ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয় অডিটোরিয়ামে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেটে বিভাগে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ১৭ শ’ কেন্দ্রের শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেয় ইসলামিক ফাউন্ডেশন। অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে গণশিক্ষা প্রকল্পের শিক্ষার্থী ও কেন্দ্র পরিচালক, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।



ইসলামিক ফাউন্ডেশন সিলেটের সহকারী পরিচালক মীর মুহাম্মদ নেয়ামত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট সরকারি আলিয়া মাদরাসার অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মাহমুদুল হাসান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. এমদাদুল হক, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক (পিআরএল) আবু ছিদ্দিকুর রহমান ও ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম। সৈয়দ ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন সিলেটের ফিল্ড অফিসার মুহাম্মদ আবদুল বাকী। 


বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর মুহাম্মদ মাহমুদুল হাসান বলেন, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের মাধ্যমে শিশুদের মাঝে দ্বীনি শিক্ষা ও মানবতার জ্ঞান বিতরণের অব্যাহত প্রচেষ্টা চলছে।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন রায়নগর জামে মসজিদের ইমান মাওলানা আবিদ হাসান। বিশেষ মোনাজাত পরিচালনা করেন সিলেটের কালেক্টরেট জামে মসজিদের ইমাম  মাওলানা শাহ আলম।

সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-১৮