প্রতীকী ছবি।

পুরোনো মডেলের বেশকিছু স্মার্টফোনে আর হোয়াটসঅ্যাপ কাজ করবে না। ৪০টির বেশি স্মার্টফোনের এ তালিকায় রয়েছে অ্যান্ড্রয়েডভিত্তিক ডিভাইস ও আইফোন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এই ডিভাইসগুলোর জন্য সব ধরনের সেবা বন্ধের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

হোয়াটসঅ্যাপ বলছে, নতুন প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিতে আমরা প্রায়ই পুরোনো অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসে আমাদের সেবা বন্ধ করে থাকি। এতে করে আমরা নতুন প্রযুক্তির দিকে বেশি মনোযোগী হতে পারি। আপনার অপারেটিং সিস্টেমে যদি আমরা সেবা দেওয়া বন্ধ করে দিই, তাহলে কয়েকবার নোটিফিকেশন দিয়ে জানানো হবে যেন হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চাইলে আপনি ডিভাইস আপডেট করে নেন।


হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ আরও জানায়, যেসব অ্যান্ড্রয়েড ডিভাইসে অপারেটিং সিস্টেম ৪.১ বা তার পরের সংস্করণগুলো আছে, সেগুলোতে চলবে হোয়াটসঅ্যাপ। আর আইফোনের ক্ষেত্রে আইওএস ১২ বা তার পরের সংস্করণ হতে হবে। অবশ্য হোয়াটসঅ্যাপ ব্যবহার নিরাপদ রাখতে সর্বশেষ সংস্করণের অপারেটিং সিস্টেমের ব্যবহারের প্রতিই জোর দেয় মেটা মালিকানাধীন তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের এই প্ল্যাটফর্ম।

সে হিসেবে আইফোনের মধ্যে আইফোন ৫ ও আইফোন ৫সি মডেলে আর হোয়াটসঅ্যাপ কাজ করবে না। আর অ্যান্ড্রয়েডের মধ্যে স্যামসাং, এলজি, হুয়াওয়েসহ বেশকিছু ব্র্যান্ডের প্রায় ৪০টি মডেলের হ্যান্ডসেট রয়েছে এ তালিকায়।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে