সিলেট-ঢাকা মহাসড়কে ফের ঘটেছে ভয়াবহ দুর্ঘটনা। এবার একই পরিবারের তিনজনসহ ৫ জন নিহত হয়েছেন।
শনিবার (৭ জানুয়ারি) ভোর রাত ৪টার দিকে হবিগঞ্জের মাধবপুরে শাহপুর এলাকায় মেটাডোর ইন্ডাস্ট্রির সামনে বালুবোঝাই ট্রাক, মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটানাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা যান। এ ঘটনায় গুরুতর আহত হয়ে ৩ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বিষয়টি সিলেটভিউ-কে জানিয়েছেন নিহতদের আত্মীয় আশরাফুল মামুন।
নিহতরা হলেন- আব্দুস সালাম (৩২), সাদিয়া (২১), হাবিবা (২), সিহাব (১৩) ও সাদির। এ সময় গুরুতর আহত হন প্রবাসী রাজু (২৯), তার পিতা নুরুল ইসলাম (৫০) ও চাচাতো ভাই নিশাত (১৮)।
তিনি জানান- মালয়েশিয়া প্রবাসী ছেলেকে ঢাকা বিমানন্দর থেকে মাইক্রোবাসযোগে বাড়িতে নিয়ে আসার সময় নুরুল হক ও তার পরিবারের সদস্যরা শাহপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সাথে তাদের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান মাইক্রোবাসের পেছন দিকে ধাক্কা দেয়। ত্রিমুখী সংঘর্ষের এ দুর্ঘটনায় প্রবাসী রাজুর ভগ্নীপতি আব্দুস সালাম (৩২), তার বোন সাদিয়া (২১), ভাগ্নি হাবিবা (২) ছোটভাই সিহাব (১৩) ও গাড়িচালক পৃথিমপাশার সাদির ঘটনাস্থলেই নিহত হন। এ সময় গুরুতর আহত হন প্রবাসী রাজু (২৯), তার পিতা নুরুল ইসলাম (৫০) ও চাচাতো ভাই নিশাত (১৮) নিহত হয়েছেন। আর নুরুল হকসহ ৩ জন গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি রয়েছেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সিলেটভিউ-কে বলেন- খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে মরদেহ ও দুর্ঘটনাকবলিত গাড়িগুলো থানায় নিয়ে আসা হয়।
সিলেটভিউ২৪ডটকম / জাকারিয়া / ডালিম




